আল আমিন আর ভুল করবেন না, বিশ্বাস মাশরাফির
জিম্বাবুয়ে সিরিজে আল আমিন হোসেনের বোলিংয়ে খুশি মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের বিশ্বাস, আগের ভুলগুলো সব পেছনে ফেলে সামনে তাকাবেন আল আমিন।
গত বছর একটা সময় বাংলাদেশের সেরা বোলার ছিলেন আল আমিন হোসেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রশ্নবিদ্ধ হলো তার বোলিং অ্যাকশন। পরে অ্যাকশন বৈধ প্রমাণিত হলেও একটু যেন হারিয়ে ফেলেছিলেন ধার। বিশ্বকাপে দলের সঙ্গে গেলেও মাঝপথে ফিরে আসতে হলো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। তার পর থেকে ছিলেন দলের বাইরে।
এই সিরিজে ফিরে দারুণ বোলিং করছেন। প্রথম ম্যাচে ৫ ওভার বল করে ১ উইকেট নিয়েছিলেন। সোমবার দ্বিতীয় ম্যাচে দলের দারুণ প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আল আমিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির কণ্ঠে প্রশংসা এই পেসারের জন্য।
অধিনায়কের বিশ্বাস, আগের ভুল থেকে শিক্ষা নেবেন আল আমিন।
“দক্ষিণ আফ্রিকা সফরে সে ভালো বোলিং করেছে (এ দলের হয়ে), এখানেও ভালো করছে। আশা করি, ও উপলব্ধি করতে পারবে এবং আর কোনো ভুল করবে না। এখান থেকে সে আরও সামনে এগিয়ে যাবে।”
