মাহমুদউল্লাহর পাশে অধিনায়ক
বিশ্বকাপের পর ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারের পাশেই আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিশ্বকাপে পর পর দুই ম্যাচে শতকের পর সেই ধারাবাহিকতা ঠিক ধরে রাখতে পারেননি মাহমুদউল্লাহ। নিউ জিল্যান্ডের বিপক্ষে শতকের পর গত ৮ ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র একবার।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ম্যাচেও ছন্দে ছিলেন না মাহমুদউল্লাহ। দুই ম্যাচেই আধা ঘণ্টা করে উইকেটে কাটালেও লড়াই করেছেন থিতু হতে। প্রথম ম্যাচে ২০ বলে করেছেন ৯, পরের ম্যাচে ২০ বলে ৪।
এখনও ঠিক বড় দুশ্চিন্তা হয়ে না দাঁড়ালেও টুকটাক কথা উঠতে শুরু করেছে মাহমুদউল্লাহর ফর্ম নিয়ে। তবে দ্বিতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, মাহমুদউল্লার ওপর বিশ্বাস আছে তার।
এই সিরিজের দুই ম্যাচে দুই পজিশনে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে তিনে, পরের ম্যাচে চারে। তবে মাশরাফির ধারণা, ব্যাটিং পজিশন মাহমুদউল্লাহর সমস্যা নয়।
“বিশ্বকাপে রিয়াদ তিন-চার দুই জায়গাতেই রান পেয়েছে। আর আমাদের কোচ একটা ব্যাপার বিশ্বাস করেন যে ব্যাটিং অর্ডার শুধুই একটা সংখ্যা। আত্মবিশ্বাস থাকলে সব জায়গাতেই ভালো খেলা যায়।”
