‘সাকিবকে ছাড়া একাদশ গড়া কঠিন’
সাকিব আল হাসান না থাকায় একাদশ গড়া কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সাকিবের উপস্থিতিতে বরাবরই বাড়তি সুবিধা পায় বাংলাদেশ। ব্যাটিং-বোলিংয়ে নির্ভরতা জুগিয়ে আসা বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার দলে থাকলে বাড়তি একজন বোলার বা ব্যাটসম্যান নিয়ে খেলার সুযোগ পায় তার দল।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। প্রথমবারের মতো বাবা হওয়া দলের সহ-অধিনায়ক সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলবেন না।
দ্বিতীয় ওয়ানডেতে সাকিবের জায়গায় এক জন ব্যাটসম্যান খেলায় বাংলাদেশ। দলে ফিরেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। সিরিজ জেতার পর মাশরাফি জানান, সাকিবের অনুপস্থিতিতে ভারসাম্যপূর্ণ দল গড়া খুব কঠিন।
“আমাদের জন্য সাকিব কত বড় ক্রিকেটার সবাই জানেন। সাকিব না থাকলে পুরো দলের ‘ব্যালান্স’ করা কঠিন হয়ে পড়ে। এক দিক থেকে যেভাবে ব্যাটিং করে আর বোলার হিসেবে তো অসাধারণ।”
একাদশ তৈরির সময় মাহমুদউল্লাহর অফ স্পিন ও সাব্বির রহমানের লেগ স্পিন ভাবনায় ছিল অধিনায়কের। তাই দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিভাগ শক্তিশালী করেন তারা।
“বোলিংয়ে রিয়াদ, সাব্বির ছিল বিকল্প। সাকিবকে বাদে একাদশ গড়া আরেকটি কারণেও কঠিন। কারণ, বাংলাদেশের হয়ে বেশিরভাগ ম্যাচই সে খেলেছে। সুতরাং ধারণা করা কঠিন যে, সাকিবকে ছাড়া কি ‘ব্যালান্স’ নিয়ে নামব।”
সাকিবকে ছাড়াই খেলতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। বুধবার হবে সিরিজের শেষ ওয়ানডে।
