লিটনের জন্য মাশরাফির আকুতি
দু:সময়ে লিটন দাসের পাশে থাকার জন্য সবার প্রতি অনুরোধ করেছেন মাশরাফি বিন মুর্তজা। তরুণ ব্যাটসম্যানের সামর্থ্যে আস্থার কথাও জানিয়েছেন আরেকবার।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ লিটন দাস। প্রথম ম্যাচে আউট হয়েছিলেন কোনো রান না করেই। সোমবার ছক্কা দিয়ে শুরু করলেও আরেকটি বাজে শটে আউট হয়েছেন ৭ রান করে। সব মিলিয়ে ৮ ওয়ানডে খেলে লিটনের রান ১০৭, সর্বোচ্চ ৩৬।
প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল লিটনকে নিয়ে। দ্বিতীয় ম্যাচের পরও উঠল একই প্রশ্ন। মাশরাফি আরও একবার শোনালেন লিটনকে নিয়ে তার বিশ্বাসের কথা।
“আগেও বলেছি লিটন খুবই প্রতিশ্রুতিশীল। বাংলাদেশের ক্রিকেটে অনেক দিন খেলতে পারবে। আমার বিশ্বাস, অনেক বড় ক্রিকেটার হবে সে। বড় বড় ইনিংস খেলবে বাংলাদেশের জন্য।”
লিটন প্রত্যাশা পূরণ করতে পারছেন না, এটা মানছেন মাশরাফি। তবে জাতীয় লিগে রেকর্ড রান করা ও ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দেওয়া তরুণ ব্যাটসম্যানকে আরও সময় দিতে চান অধিনায়ক। সবাইকে অনুরোধ করেছেন এই সময়টায় লিটনের পাশে থাকতে।
“যেভাবে চাইছে, সেটা হয়ত সে করতে পারছে না। আমরা সবাই মিলে ওকে একটু সাহায্য করলে সে অবশ্যই পারবে। সবার কথাই বলছি; কারণ এখন সবাই দেখি ওকে নিয়ে কথা বলছে। সবাই যদি ওর পাশে দাঁড়ান, অবশ্যই পারবে লিটন।”
