সাফল্যধারায় খুশি মুস্তাফিজ
ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই যেন সাফল্যধারায় স্নান করছেন মুস্তাফিজ। দল জিতছে, নিজে ভালো করছেন। সব মিলিয়ে দারুণ খুশি তরুণ বোলার।
গত জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক মুস্তাফিজুর রহমানের। অভিষেকে নিয়েছিলেন ৫ উইকেট, পরের ম্যাচে ৬টি। ওই সিরিজ জিতেছিল বাংলাদেশ। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে উইকেট না পেলেও মুস্তাফিজ পরের দুই ম্যাচে নিয়েছিলেন ৩ ও ২ উইকেট।
এই জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। কিন্তু সোমবার দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশ আবারও জিতে নিয়েছে সিরিজ।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আগে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ সাংবাদিকদের জানালেন দল ও নিজের সাফল্যে নিয়ে।
“খুব ভালো লাগছে। ভালো লাগারই কথা। তিনটি সিরিজ খেললাম, তিনটিতেই জিতেছি। আমিও খুশি, দলের সবাইও খুশি।”
সোমবার দ্বিতীয় ওয়ানডেতে ৩৩ রানে ৩ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। ৮ ওয়ানডেতে তার উইকেট এখন ২১টি।
বুধবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
