২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিশাদের পিএসএল অভিষেক

পিএসএলের দশম আসরে লাহোর কালান্দার্সের দ্বিতীয় ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

রিশাদের পিএসএল অভিষেক
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। ছবি: লাহোর কালান্দার্স ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2025, 09:39 PM

Updated : 26 Aug 2026, 12:30 PM

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকের জন্য বেশি অপেক্ষা করতে হলো না রিশাদ হোসেনকে। আসরে লাহোর কালান্দার্সের দ্বিতীয় ম্যাচেই খেলার সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

রাওয়ালপিণ্ডিতে রোববার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রিশাদকে রেখে একাদশ সাজিয়েছে লাহোর। টস হেরে আগে ব্যাটিং করছে ২০২২ ও ২০২৩ আসরের চ্যাম্পিয়নরা।

টুর্নামেন্ট শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলে টানে লাহোর। ডায়মন্ড বিভাগে ছিলেন তিনি। এছাড়া গোল্ড বিভাগ থেকে নাহিদ রানাকে পেশাওয়ার জালমি ও লিটন কুমার দাসকে দলে যোগ করে করাচি কিংস।

যদিও চোটে শুরুর আগেই শেষ হয়ে গেছে লিটনের পিএসএল অধ্যায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের পর নাহিদ রানা উড়াল দেবেন পাকিস্তানে।

গত শুক্রবার পিএসএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে রিশাদকে একাদশে রাখেনি লাহোর। তাতে দেশের বাইরের লিগে খেলার অপেক্ষা বাড়ে তার। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ওই ম্যাচে ৮ উইকেটে হারে তারা।

ইসলামাবাদ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ডেভিড ভিসা। নামিবিয়ার এই অলরাউন্ডারের জায়গায় কোয়েটার বিপক্ষে সুযোগ পেলেন রিশাদ।

এর আগে গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন রিশাদ। কিন্তু নানা কারণে যেতে পারেননি। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মাঝপথেই পিএসএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি খেলে ৩৮ উইকেট নিয়েছেন রিশাদ ১৯.৯৭ গড় ও ওভারপ্রতি ৭.৮২ রান দিয়ে। ব্যাট হাতেও রয়েছে তার অবদান রাখার সামর্থ্য। এক ফিফটিতে ১৩৪.৭৮ স্ট্রাইক রেটে করেছেন ১৫৫ রান।

স্বীকৃত টি-টোয়েন্টিতে রিশাদ মোট খেলেন ৬৪ ম্যাচ। ৬৩ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৮ করে রান দিয়ে। ২২ রান ৪ উইকেট তার সেরা বোলিং। ব্যাট হাতে ১৪৪.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ২৯৮ রান।