২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত ১২৫ রোগী, মৃত্যু নেই

দিনে শনাক্তের হার হয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 04:44 PM

Updated : 20 Jun 2023, 04:44 PM

দেশে গত এক দিনে আরও ১২৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭৭৭টি নমুনা পরীক্ষা করে ওই ১২৫ রোগী শনাক্ত হয়।

এতে দিনে শনাক্তের হার হয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ; যেখানে আগের দিনে এই হার ছিল ৯ দশমিক ২৯ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪১ হাজার ৭৪৮ জন। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৫৭ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৭ হাজার ৬৫০ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১০৯ জনই ঢাকার। এর বাইরে সিলেটে ৪ জন, কক্সবাজারে ৩ জন, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া ও ময়মনসিংহে ২ জন করে এবং ঝালকাঠিতে একজন নতুন শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। 

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।