২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: আরও ৭৫ রোগী শনাক্ত, ঢাকায় ১ মৃত্যু

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৪৬ জনই ঢাকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 06:05 PM

Updated : 01 Aug 2023, 06:05 PM

দেশে গত এক দিনে আরও ৭৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে ঢাকায় মৃত্যু হয়েছে এক জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২০৩২টি নমুনা পরীক্ষা করে ওই ৭৫ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ; আগের দিন তা ৩ দশমিক ০৬ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৫৩২ জন। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় ৭৭ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১১ হাজার ৪৮৯ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৪৬ জনই ঢাকার, এর বাইরে রংপুরে ১২ জন, কক্সবাজারে ৮ জন; চট্টগ্রাম ও কিশোরগঞ্জে ২ জন করে এবং ময়মনসিংহ, জামালপুর, পঞ্চগড়, দিনাজপুর ও সিলেটে ১ জন করে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

ষাটোর্ধ যে নারীর মৃত্যু হয়েছে, তিনি ছিলেন ঢাকার বাসিন্দা। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।