শেষ সময়ে ক্রেতা পেল জুতা, গহনা, পোশাকের দোকান
কোরবানি ঈদে পশুর হাটকেন্দ্রিক জনস্রোত উৎসবের আমেজ ছড়ালেও বছরের বড় এ আয়োজনে বিপণিবিতানগুলোও বাড়তি ক্রেতার দেখা পেয়েছে।
শুক্রবার ঈদের ছুটি শুরু হওয়ার পর ভিড় বেড়েছে রাজধানীর পোশাক, জুতা ও গহনার দোকানে। ঈদের পোশাক কেনার পাশাপাশি সেটির সঙ্গে মানিয়ে পরার জন্য পছন্দের পণ্য খুঁজে নিতে বিপণিবিতানগুলোতে দিনভরই ক্রেতাদের বেশ আনাগোনা ছিল। জনপ্রিয় ও চালু ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রগুলোতে চাপও ছিল বলার মত।
আগের দিন বৃহস্পতিবার অফিস ফেরত অনেকেই ঢু মেরেছেন শপিংমলগুলোতে। গ্রামের বাড়ি যাওয়ার আগে টুকটাক কেনাকাটা সেরেছেন। শুক্রবার বিপণিবিতানে আসা ক্রেতার সংখ্যা ছিল আরও বেশি। নিজের ও পরিবারের সদস্যের জন্য নতুন কিছু কিনতে এসেছেন তারা, যাদের বেশির ভাগই ঈদে থেকে যাবেন ঢাকায়।
এতে কোরবানি ঈদের এ উৎসবে বড় সময় অলস বসে থাকার আফসোস কমেছে বিক্রেতাদের। এদিন প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পেয়েছেন তারা।
ছেলে ও মেয়েকে নতুন কাপড় কিনে দেওয়া গার্মেন্টস কর্মী নাসরীন সুলতানা জানান, ঢাকা ছাড়ার আগে কেনাকাটা করতে এসেছেন তিনি।
“এতদিন তো কাজের মধ্যে ছিলাম। আজকে বাচ্চাদের নিয়ে বেরুলাম। কোরবানি দিব না, দুটো কাপড়ও যদি না কিনে দেই তাহলে তো ওদের মন খারাপ থাকবে।”
ফুটপাতের পোশাক বিক্রেতা কামরুন নাহার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ক্রেতা বাড়তে শুরু করেছে।
তিনি বলেন, “আমরা তো ২০০ থেকে ৩০০ টাকার জিনিস লইয়া বইছি। মানুষের শখ আছে না? যারা একটু কম দামে খুঁজে তারা তো ভালই নিচ্ছে।”
নিজের জন্য জামা খুঁজতে থাকা নিগার সুলতানা জানান, ঈদের জন্য রেডিমেট পোশাক কিনতে এসেছেন তিনি।
“ছুটিতে বাসায় তো অনেকে আসে। আমরাও বেড়াতে যাব। এখন তো কাপড় বানানোর উপায় নাই, সেজন্য রেডিমেড কাপড় নিচ্ছি।”
এই মার্কেটের খান সুজের বিক্রয়কর্মী আলমগীর বলেন, “এতদিন তো তেমন কাস্টমার পাই নাই। আজকে সে অনুযায়ী অনেক সেল হইছে। বাচ্চাদের জুতা ভালো বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি যাচ্ছে মেয়েদের জুতা।”
ইত্যাদি কসমেটিকসে কেনাকাটা করতে আসা ফরিদা বেগম বলেন, “সাজগোজের কিছু জিনিসের দরকার ছিল। এতদিন সময় পাচ্ছিলাম না, আজকে থেকে ছুটি তাই কিনতে আসলাম।”
বোনের জন্য ‘ওয়ান পিস’ কিনতে আসা তাহমিনা জেরিন বলেন, “ভাবছিলাম এখন ভিড় একটু কম হবে। সবাই ঢাকা ছাড়ছে। কিন্তু এসে তো দেখি ভিড় লেগে গেছে। তারপরও পছন্দের জামা কিনতে পেরে খুশি।”
মাঈশা ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী খন্দকার তোফাজ্জল জানান, থ্রি পিস বিক্রি হচ্ছে না। ওয়ান পিসই কিনছে সবাই।
এ বিপণিবিতানের বাটার বিক্রয়কর্মী রাসেল জানান, গত ২-৩ দিন ধরেই বিক্রি হচ্ছে ভালো। তবে শুক্রবার বেশি বিক্রি হচ্ছে।
“এখন মূলত ঢাকার কাস্টমাররা কিনছে। শনিবারও আশা করছি ভালো ক্রেতা আসবে।”
মিরপুর ২ নম্বরের ফ্যাশন হাউজ নবরূপার বিক্রয়কর্মী সারোয়ার ইসলাম জানান, এবার তাদের বিক্রি তেমন হয়নি।
“আজকে শুক্রবার, ঈদের আগে শেষ ছুটির দিন, তাই কিছু কাস্টমার আসছে। তবে অন্যান্যবারের চেয়ে আমার কাছে কম মনে হচ্ছে।”
আঙিনা মেগা মলের বিক্রয়কর্মী তামান্না বলেন, “আমাদের বিক্রি খুব একটা ছিল না। কিন্তু গতকাল আর আজকে কিছুটা বিক্রি হইছে। বাচ্চাদের আইটেম বেশি নিচ্ছে শেষ সময়ে। তবে যেই অনুপাতে মানুষের ভিড় দেখা যাচ্ছে, সেরকম কিন্তু বিক্রি নাই।”
