২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন টাকার কেনাবেচা কম, দামও পড়তি

বছরজুড়ে চাহিদা থাকলেও ঈদ উৎসবকে ঘিরে বরাবরই নতুন নোটের লেনদেন বেশি হয়; এবার যাতে কিছুটা ভাটা পড়ায় বিনিময় হারও ছিল নিম্নমুখী বলে জানালেন বিক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 11:08 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

রাজধানীর মতিঝিল এলাকায় সারা বছরই নতুন টাকা বিক্রি করেন সুফিয়া বেগম। কোরবানি ঈদের আগে এবার নতুন টাকা নিতে মানুষ কম আসছেন জানিয়ে তিনি বলেন, “আমরাও তাই কম আনছি। দামও গতবারের চেয়ে ৫০-৭০ টাকা কম।“

ঈদ উপলক্ষে বছরে দুইবার বড় অঙ্কের নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। নানা কারণে যারা ব্যাংকে যেতে পারেন না তারা মতিঝিলে বাংলাদেশ ব্যাংক থেকে কিছুটা দূরে, গুলিস্তান, সদরঘাট, মিরপুরসহ বেশ কয়েক জায়গায় নতুন নোট কেনাবেচা হওয়ার স্থানগুলো থেকে নতুন নোট বিনিময় করে থাকেন। এরমধ্যে বছরজুড়ে বড় পসরাটি বসে গুলিস্তান মার্কেটের সামনের ফুটপাতে।

এসব স্থানে প্রতি বান্ডিলে ১০০টি করে নতুন নোট সাজানো থাকে। এজন্য মূল টাকার চেয়ে বিনিময় করতে বাড়তি টাকা দিতে হয়। ১০ টাকা নোটের বান্ডিলের চাহিদাই বেশি। মোট এক হাজার টাকার একটি বান্ডিল নিতে এবার অতিরিক্ত গুনতে হচ্ছে ৮০ টাকা। গত রোজার ঈদে দিতে হয়েছে ১৫০ টাকা।

শুক্রবার ঈদের দুইদিন বাকি থাকতেও এবার নতুন টাকার চাহিদা তেমন জমেনি বলে জানিয়েছেন মতিঝিল ও গুলিস্তানের বিক্রেতারা। এর কারণ হিসেবে জিনিসপত্রের বাড়তি দামের কারণে মানুষের হাতে টাকা না থাকা এবং বিভিন্ন স্থানে বন্যার প্রকোপের কারণে নতুন নোটে এবার আগ্রহ কম বলে মনে করছেন তারা।

রাজধানীর মতিঝিলে নতুন টাকার নোট নিতে আসা বেসরকারি একটি কোম্পানির কর্মী সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘মুরব্বি আর ছোটদের জন্য টাকা নিতেই হয়। বারবার ভিডিও কলে বাড়ির ছোটরা বলেছে নতুন টাকা আনতে। ব্যাংকে প্রচুর ভিড়। সময় লাগবে লাইনে দাঁড়িয়ে নিতে। তাই বেশি হলেও এদের কাছে আসা।’’

নতুন নোটের ক্রেতাদের বড় অংশ পুরান ঢাকার ছোট ও মাঝারি কারখানার মালিকরা বলে জানালেন এ ব্যবসার সঙ্গে জড়িতরা। ঈদে বোনাস ও মজুরি দিতে নতুন টাকা ব্যবহার করেন তারা। এতে কর্মচারিদের মধ্যে বাড়তি আনন্দের ঝিলিক দেখা যায়।

ঈদের দিন সালামি দিতেও রাজধানীর অনেকে গ্রামে যাওয়ার আগে নতুন নোট সংগ্রহে ব্যাংকসহ নোট বেচাকেনার এসব স্থানে আসেন।

আইনত বাংলাদেশি মুদ্রা টাকা ও কয়েন বেচাকেনা অবৈধ। নির্দিষ্ট মানের মুদ্রা এরচেয়ে বেশি হারে বিনিময় করা যায় না। তবে দীর্ঘ সময় ধরে প্রকাশ্যেই চলে আসছে টাকা কেনাবেচার এসব ‘হাট’।

রাজধানীর গুলিস্তানে পুরনো ছেঁড়া-ফাটা টাকা বদল ও নতুন নোটের বিক্রয়কারী সালাম সিকদার জানান, এবার ১২ লাখ টাকা নতুন করে বিনিয়োগ করেছেন। কিন্তু চাহিদা কম। ক্রেতা পাচ্ছেন না।

গতবারের চেয়ে প্রতি বান্ডিলে ৭০ থেকে ১০০ টাকা কমে বিক্রি করছেন, যোগ করেন তিনি।

এবার ঈদ উপলক্ষে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। গত ঈদে ছাড়া হয়েছিল ৩০ হাজার কোটি টাকা।