মসলার বাজারে এবার ঈদের তেজ নেই
কোরবানির ঈদ এলেই মাংস রান্নার অপরিহার্য উপকরণ বিভিন্ন মসলার চাহিদা বেড়ে যায়, সে কারণে দামও বেড়ে যায় প্রতিবার; তবে এবার বাজারের চিত্র ভিন্ন।
কারওয়ান বাজারের রাসেল বানিয়াতি স্টোরে পাইকারিতে মসলা বিক্রি হয়। ক্রেতা বেশি না থাকায় মালিক আকবর হোসেন পত্রিকায় চোখ বুলাচ্ছিলেন।
প্রশ্ন করতেই বললেন, “দেখেন, বাজারেই তো কাস্টমার নাই। ভিড়ের কারণে তো আগে ঈদের সময় আমরা কথা বলার সুযোগ পেতাম না। এখন ফাঁকে ফাঁকে দুইজন/একজন করে আসতেছে, অল্পস্বল্প করে কিনতেছে। খুচরা ব্যবসায়ীদের থেকেও তেমন অর্ডার পাচ্ছি না।”
ঢাকার মসলার বাজারগুলোতে আকবর হোসেনের মত বেশিরভাগ দোকানিরই এবার মন ভালো নেই। তাদের ভাষ্য, প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হচ্ছে না। পর্যাপ্ত যোগান ছিল, দামও সেভাবে বাড়েনি, কিন্তু অন্যবারের মত ক্রেতা মিলছে না।
এর পেছনে বিশ্ব অর্থনীতির টানাপড়েন আর দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব দেখতে পাচ্ছেন বিক্রেতারা।
ঢাকায় মসলার প্রধান পাইকারি বাজার মৌলভীবাজার এবং কারওয়ান বাজারে খুচরা হিসাবে প্রতি কেজি জিরা ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। আর মানভেদে দারুচিনি ৪০০ থেকে ৪৫০ টাকা, লবঙ্গ ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা এবং এলাচি দেড় হাজার টাকা থেকে দুই হাজার ৬০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।
অন্যদিকে পাইকারি দামে জিরা ও দারুচিনি কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে। লবঙ্গ ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং এলাচি ১ হাজার ৪০০ থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে।
“কোরবানির ঈদে মসলার কাটতি বেশি থাকে, সে কারণে এই সময় আমাদের একটা বাড়তি প্রস্তুতি থাকে। এবারও বিভিন্ন আইটেমের মসলা পর্যাপ্ত পরিমাণে উঠিয়েছিলাম, কিন্তু এখন তো দেখি কাস্টমারই নাই!”
জব্বারের ভাষ্য, বিভিন্ন খুচরা বাজার ও মহল্লার দোকানিরাও বাড়তি কোনো অর্ডার এবার করছেন না, যেমনটা অন্যবছর কোরবানির ঈদে হত।
একই বাজারের সওদাগর স্টোরের মালিক লাল শরীফকে তার দোকানে ক্রেতার অপেক্ষায় বসে থাকতে দেখা গেল। দোকানের সামনে যেতেই কী কী মসলা লাগবে জিজ্ঞেস করলেন।
বেচা-বিক্রি কেমন জানতে চাইলে বললেন, “বর্তমানে তো সব কিছুর দাম বেশি, সেই তুলনায় মসলার দাম বাড়েনি। তুলনামূলকভাবে গতবারের চেয়ে এবার কিছুটা কম। সমস্যা হচ্ছে ঈদ চলে আসছে, কিন্তু মানুষ সেভাবে মসলা কিনতে আসছে না।”
এর পেছনে সিলেট অঞ্চল ও উত্তরবঙ্গের বন্যা এবং আর্থিক সংকট কারণ হতে পারে মন্তব্য করে তিনি বলেন, “মানুষের মধ্যে ক্রাইসিস চলছে, অনেকের হাতে হয়ত তেমন অর্থ কড়ি নেই। আবার দেখা যাবে কোরবানির পরেও কেউ কেউ মসলা কিনবেন, তবে সেটা হয়তো বেশি হবে না।”
মৌলভীবাজারে মসলার পাইকারি দোকান মেসার্স হেদায়েত অ্যান্ড ব্রাদার্সের বিক্রেতা নারায়ণ বণিকের হিসাবে, অন্যবারের চেয়ে তার দোকানে এবার এক চতুর্থাংশও বিক্রি হয়নি।
বিক্রি কম হওয়ার কারণ কী? নারায়ণ বললেন, “মানুষের কাছে টাকা নেই। কারও হাতে ১০ টাকা থাকলে তো দুই টাকা খরচ করবে, এই হল কারণ।”
সরকারি সংস্থা টিসিবির হিসাবে দেশি আদার দাম গত এক মাসে ১৩ শতাংশ বাড়লেও গতবছরের জুলাই মাসের তুলনায় ১৮ শতাংশ কমেছে। আমদানি করা আদার দাম এক মাসে কমেছে সাড়ে ৫ শতাংশ, আর এক বছরে কমেছে ৫৫ শতাংশ।
জিরার দাম এক মাসে ২.৩৫ শতাংশ, দারুচিনি ৪.৪৪ শতাংশ, লবঙ্গ ৪.৩৫ শতাংশ, এলাচ ৭.৬৯ শতাংশ কমেছে।
তবে ধনের দাম এক মাসে ৩.৫৭ শতাংশ, তেজপাতা ৯.৬৮ শতাংশ, শুকনা মরিচের দাম ১৪.৫৮ শতাংশ বেড়েছে।
মাংস রান্নায় প্রচুর পেঁয়াজ ও রসুন প্রয়োজন হয়। দেশি পেঁয়াজের দাম গত এক মাসে ২৬.৬৭ শতাংশ বেড়েছে, আমদানি করা পেঁয়াজে বেড়েছে ৪.৫৫ শতাংশ। তবে দেশি এবং আমদানি করা- দুই ধরনের রসুনের দামই এক মাসে ৩০ শতাংশ করে কমেছে বলে টিসিবির ভাষ্য।
বাজারে বড় বড় দোকানের মত মহল্লার খুচরা দোকানগুলোতেও মসলার চাহিদা বাড়েনি বলে জানালেন দোকানিরা।
রামপুরার হাজীপাড়ার আদিবা স্টোরের মালিক আব্বাস আলী বললেন, “কোরবানির ঈদে পেঁয়াজ, রসুন, আদা ছাড়াও গরম মসলার কাটতি বেশি থাকে, সেই অনুসারে আমরা মাল তুলি, কিন্তু এবার মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখছি। সামনে ঈদ, কিন্তু লোকজন আগের মত বেশি পরিমাণে মসলা কিনছে না।”
নগরীর সেগুনবাগিচা এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক অন্যান্য বছরের মত এবারও ঢাকাতেই কোরবানি দিচ্ছেন।
মসলা কেনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বললেন, “ঈদে মসলার দাম বাড়তি থাকে, সেই কারণে আমি বেশি করে মসলা কেনার পক্ষপাতি না। প্রতি সপ্তাহে বাজার-সদাই করা লাগে, তখন মসলাও কেনা যাবে।”
বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহর ভাষায়, কোরবানির ঈদ মসলা বিক্রিরও মৌসুম। কিন্তু এবার সেই মৌসুম অনেকটা ঠাণ্ডা।
“এবার পর্যাপ্ত পরিমাণ মসলার আমদানি করা হয়েছে, কিন্তু ক্রেতার অভাবে কোনো কোনো ব্যবাসীয় লোকসান দিয়েও বিক্রি করতে হবে।”
মসলার বাজারে ক্রেতা সমাগম কম কেন- এমন প্রশ্নে তিনি বললেন, “অর্থনীতির একটা খারাপ অবস্থা চলছে। মানুষ তার খুব প্রয়োজনীয় জিনিস আগে কেনে, তারপর টাকা থাকলে অন্য কেনাকাটা।
এনায়েত উল্লাহর ভাষায়, “মসলাও তো এক ধরনের লাক্সারি ফুড, নিত্যপ্রয়োজনীয় ফুড কেনার পর মানুষ মসলা কিনতে আসছেন। আবার অনেকে মসলা কিনলেও পরিমাণ কমিয়ে দিয়েছেন।”
