১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শোবার ঘর থেকে সংবাদকর্মীর গলিত লাশ উদ্ধার

স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 11:14 PM

Updated : 28 Dec 2022, 11:14 PM

ঢাকার মগবাজারের একটি বাসার পাঁচ তলার ফ্লাট থেকে এক নারী সংবাদ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মৃত্যু কয়েকদিন আগে হয়েছে বলে ধারণা পুলিশের।     

শবনম শারমিন মুক্তি (৩০) নামে ওই সংবাদ কর্মী দ্য রিপোর্ট লাইভ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের উপস্থাপক ছিলেন।

তার স্বামী সাইদুল ইসলাম (৪৫) কিছুদিন আগেও বেসরকারি এশিয়ান টিভির রিপোর্টার ছিলেন, যিনি ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শবনম শারমিনের বোন শবনম পারভীন হাতিরঝিল থানায় সাইদুলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছেন বলে জানিয়েছেন এ থানার ওসি আব্দুর রশীদ। তারা এখনও সাইদুলকে গ্রেপ্তার করতে পারেননি বলে জানিয়েছেন।

গত মঙ্গলবার রাতে লাশ উদ্ধারের সময় সেখানে পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার এসএম আরিফ রাইয়ান উপস্থিত ছিলেন।

তিনি জানান, বেশ কয়েকদিন লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল বলে মনে হয়েছে। সেটিতে পচন ধরেছে। যে বাসায় তারা ভাড়া থাকতেন সেটি একটি ভবনের পাঁচতলায় সিঙ্গেল ইউনিটের বাসা।

“আশপাশের লোকজন বলেছিল তারা স্বামী-স্ত্রী পরিচয়ে কয়েক মাস আগে ওই বাসায় ওঠে। তার স্বামী শেষ কবে ওই বাসায় এসেছিলেন তা জানা যায়নি,” যোগ করেন তিনি।

এ ঘটনায় দায়ের করা মামলায় ঘটনার বর্ণনা দিয়ে বাদী শারমিনের বোন পারভীন বলেন, নিহত শারমিনের সঙ্গে তাদের পরিবারের তেমন যোগাযোগ ছিল না। তিনি জানতেন না শারমিন কোথায় থাকে। গত ১৮ ডিসেম্বর শারমিনের সঙ্গে শেষবারের মত কথা হয় তার। এর চার-পাঁচদিন পরে তিনি ফোন করলেও তার বোনের সাড়া পাননি।

পরে অফিসে যোগাযোগ করে জানতে পারেন অসুস্থতার কথা বলে শারমিন দুই সপ্তাহের ছুটি নিয়েছেন। তার স্বামী সাইদুলের সঙ্গে যোগাযোগ করে বাসার ঠিকানা নিয়ে মঙ্গলবার গিয়ে দেখেন ভেতর থেকে বন্ধ। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, লাশ উদ্ধারের পর শারমিনের এক বান্ধবীর মাধ্যমে তারা জানতে পারেন কয়েকদিন ধরে সাইদুর তালাকের জন্য চাপ দিচ্ছিল। এ কারণেই সাইদুল তাকে নির্যাতন করে আত্মহত্যায় বাধ্য করেছেন।