হিরো আলমকে ‘হুমকিদাতা’ কারাগারে
একদিন আগে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হিরো আলমকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আবু আহমেদকে কারাগারে পাঠান হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ থেকে একদিন আগে গ্রেপ্তার করে ঢাকায় আনার পর বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়।
হাতিরঝিল থানার এসআই আব্দুল কাদির ৫৪ ধারায় (সন্ধিগ্ধ হিসেবে গ্রেপ্তার) গ্রেপ্তার দেখিয়ে আবু আহমেদকে কারাগারে রাখার আবেদন করেন।
তাতে সায় দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোশাররফ হোসেন।
তার আগে হাতিরঝিল থানা পুলিশ হিরো আলমের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে। হিরো আলমও উপস্থিত হন আদালতে। বিচারক তা তদন্তের অনুমতিও দেন।
সোমবার রাতে ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম। তাতে তিনি বলেছিলেন, সোমবার রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তিন বার অজ্ঞাতনামা ওই ব্যক্তি তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে।
“ওই ব্যক্তিকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।”
বগুড়া থেকে রাজধানীতে এসে ঢাকা-১৭ উপনির্বাচনে দাঁড়িয়ে আক্রান্ত হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভোগার কথা আগেও জানিয়েছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ( হিরো আলম)।
গত ১৭ জুলাই ভোটগ্রহণের দিন বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি। এজন্য তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেন।
হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগের মধ্যে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
