Published : 12 Jul 2023, 06:03 PM
স্ত্রীকে শারীরিক নির্যাতন করে অন্য নারীদের সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপ-পরিচালক মো. এরশাদ উদ্দিনের বেতন কমানোর সাজা দিয়েছে সরকার।
জ্যেষ্ঠ সহকারী সচিব পদ মর্যাদার এ কর্মকর্তার বেতন দুই বছরের জন্য বেতনগ্রেডের সর্বনিম্ন ধাপে নামিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই গ্রেডে সর্বনিম্ন ধাপ ৩৫ হাজার ৫০০ টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়, স্ত্রীকে ‘শারীরিক ও মানসিক অত্যাচার এবং বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায়’ ২০২২ সালের ২৪ জুলাই এরশাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তার কৈফিয়ত তলব করা হয়।
২০২২ সালের ২৮ জুলাই তিনি লিখিত জবাব দিয়ে ব্যক্তিগত শুনানি চান। ওই বছরের ১১ সেপ্টেম্বর ব্যক্তিগত শুনানি নিয়ে অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত করতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
গত ২৯ মার্চ তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে বলেন, “এরশাদ উদ্দিনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”
সেখানে বলা হয়, “অভিযোগনামা ও অভিযোগ বিবরণী, ব্যক্তিগত শুনানিতে প্রদত্ত উভয় পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন এবং নথির অন্যান্য কাগজপত্র ও পর্যালোচনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধি অনুযায়ী 'অসদাচরণ’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।”
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দণ্ডের মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে ৩৫৫০০-৬৭০১০/ টাকা বেতন স্কেলের (৬ষ্ঠ গ্রেড) বর্তমানে প্রাপ্ত বেতন ধাপে প্রত্যাবর্তন করবেন এরশাদ উদ্দিন। তবে তিনি বকেয়া কোনো আর্থিক সুবিধা পাবেন না।
এরশাদ উদ্দিন ৩৩তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অভিযোগের বিষয়ে তার বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।