০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে ‘এপিবিএন সদস্যের’ পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

তিনি দীর্ঘদিন ধরে মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন, দাবি পরিবারের।

রূপগঞ্জে ‘এপিবিএন সদস্যের’ পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

আবুল কালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 02:02 AM

Updated : 07 Nov 2026, 02:02 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যক্তিকে মারধর ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

আবুল কালাম নামের এ ব্যক্তি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য বলে পরিবার দাবি করলেও নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী ইসলাম বলেছেন, তিনি এপিবিএন-এর সদস্য ছুটিতে এসেছেন, নাকি চাকরি নেই, সে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেননি তারা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনার অভিযোগ পাওয়ার কথা বলেছেন এই পুলিশ কর্মকর্তা।

আবুল কালামের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। কয়েক দিন আগে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শাহাদাত ও এমদাদুল নামে দুজনকে তিনি পুলিশে ধরিয়ে দেন।

এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে হুমকি দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নিয়ে যান। সেখানে শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০ থেকে ১৫ জন তাকে মারধর করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে পরিবার।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, “ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “আমরা শুনলাম, মাদক ও পূর্ব শত্রুতার বিষয়ে এই হামলার ঘটনা ঘটেছে। তবে সে আমাদের রূপগঞ্জে কর্মরত নয়, বাইরের। এখানে তার বাড়ি।”