০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ

রূপগঞ্জ উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 10:09 PM

Updated : 09 Nov 2026, 10:09 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, রোববার রাত ২টার দিকে উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে নয় ব্যক্তি এসে নলপাথর এলাকার টিএম মাস্টার ফিলিং স্টেশনে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দেয়।

একই রাতে হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভির ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”