ঢাকায় ঝিলের পানিতে নেমে দুই শিশুর মৃত্যু
“কয়েকজন শিশু ঝিলে গোসল করতে নেমেছিল। তাদের দুইজন আর উঠতে পারেনি।”
রাজধানীর যাত্রাবাড়ীতে এক ঝিলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কোনাপাড়ায় গোল্ডেনব্রিজ ঝিলে এ ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কয়েকজন শিশু ঝিলে গোসল করতে নেমেছিল। তাদের দুইজন আর উঠতে পারেনি।”
তাদের মধ্যে সিয়ামকে (১০) উদ্ধার করে পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। আর বাবুকে (৯) নেওয়া হয় মুগদা হাসপাতালে। দুজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, সিয়াম স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। তবে বাবু লেখাপড়া করত না। তাদের দুজনেরই বাসা কোনাপাড়া ফোম ফ্যাক্টারির গলিতে।
