২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫

ইনানী সৈকতে গোসল করতে নেমেছিল ১৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 05:18 PM

Updated : 29 Oct 2026, 05:18 PM

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় পানিতে তলিয়ে যাওয়া আরও ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ইনানী ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী আতিউর রহমান।

নিহত মো. শান্তর (১২) বাড়ি ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকায়। তার বাবার নাম মোজাম্মেল হোসেন।

কাজী আতিউর রহমান বলেন, ঢাকার তেজগাঁওয়ের দারুল আরকাম মাদ্রাসা ও ধানমণ্ডির ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জনের একটি দল বুধবার কক্সবাজারে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে তারা ইনানী সৈকতে গোসল করতে নামলে ঢেউয়ের তোড়ে ভেসে যেতে থাকে।

এ সময় বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় লোকজন দুটি মাছ ধরার ট্রলার নিয়ে উদ্ধার অভিযান চালান। এতে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শান্তকে বাঁচানো যায়নি।

পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শান্তর লাশ উদ্ধার করা হয়।

কাজী আতিউর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।