২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিক্ষক কিবরিয়া খুন টাকার জন্য: র‌্যাব

গোলাম কিবরিয়াকে হত্যার পর দৃষ্টি অন্যদিকে সরাতে মিথ্যা চিরকুট লিখে ফেলে রাখা হয়েছিল লাশের পাশে।

সাভারে শিক্ষক কিবরিয়া খুন টাকার জন্য: র‌্যাব

গোলাম কিবরিয়াকে হত্যায় গ্রেপ্তার তিনজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 02:23 PM

Updated : 22 Aug 2023, 03:23 PM

ঢাকার সাভারে শিক্ষক গোলাম কিবরিয়াকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়ে পুলিশকে দিকভ্রান্ত করতে মিথ্যা চিরকুট ফেলে এসেছিল বলে র‌্যাবের ভাষ্য।

গ্রেপ্তাররা হলেন– মো. ইমন খান (২৩), মো. সাগর (২২) ও মো. ছাদেক গাজী (২২)। সোমবার রাতে যশোর, ঝিনাইদহ ও রংপুর থেকে তাদের গ্রেপ্তার করেছে হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

রোববার সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকার বাড়ি থেকে ৪৩ বছর বয়সী কিবরিয়ার হাত-পা বাঁধা এবং গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়।

লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল 'এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি, ভাই ও অবৈধ কাজ করে... আমরা ইসলামের সৈনিক।'

মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমান্ডার মঈন বলেন, “গ্রেপ্তাররা জানিয়েছে, নজর অন্যদিকে সরাতে তারা ওই চিরকুট লিখে ফেলে রাখে। তাদের মূল উদ্দেশ্য ছিল কিবরিয়ার টাকা হাতিয়ে নেওয়া।”

কিবরিয়াকে হত্যার পর তার বাসা থেকে লুট হওয়া ৫ লাখ ২১ হাজার ৯৯ টাকাও গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করার কথা জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক গোলাম কিবরিয়া সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা। গত কয়েক বছর ধরে তিনি নিজের বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর পাশাপাশি জমি কেনাবেচার ব্যবসা করতেন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় তিনি বাসায় একাই থাকতেন।

শনিবার রাতে খাবার পর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন কিবরিয়া। পরদিন দুপুরে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে। পরে তারা ঘরে গিয়ে খাটের ওপর লুঙ্গি দিয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো লাশ দেখতে পায়।

ইমনের ‘পরিকল্পনা ও নেতৃত্বে’ কিবরিয়াকে হত্যা করা হয় জানিয়ে র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাগর ব্যাটারিচালিত অটোরিকশা চালক। কিবরিয়া মাঝে মধ্যে তার অটোরিকশায় যাতায়াত করতেন। সেই সূত্রে কিবরিয়ার সঙ্গে সাগরের সু-সম্পর্ক তৈরি হয়।

“মাস ছয়েক আগে সাগর তার বন্ধু ইমনকে পরিচয় করিয়ে দেন কিবরিয়ার সঙ্গে। ইমন ও সাগর মাঝে মধ্যে কিবরিয়ার বাসায় যাওয়া আসা করত। কিবরিয়া জমি কেনাবেচার ব্যবসা করতেন এবং ব্যবসার টাকাপয়সা বাসাতেই রাখতেন । আলমারিতে রাখা বিপুল পরিমাণ টাকা দেখেই সাগর ও ইমন এই হত্যার পরিকল্পনা করেন। ইমন সেই পরিকল্পনা তার বন্ধু ছাদেককে জানায়। ঋণগ্রস্ত ছাদেকও টাকার লোভে ওই পরিকল্পনায় যুক্ত হয়।”

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাতে মঈন বলেন, ইমন ও ছাদেক শনিবার রাত পৌনে ১১টার দিকে কিবরিয়ার বাসায় যান। পরিকল্পনা অনুযায়ী সাগর তার অটোরিকশা নিয়ে কিবরিয়ার বাসার কাছেই অবস্থান নেন।

“বাসায় আলাপচারিতার এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ছাদেক গিয়ে কিবরিয়ার গলা চেপে ধরে এবং ইমন মুখ চেপে ধরে। পরে লুঙ্গি দিয়ে তার হাত-পা বেঁধে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে। পরে ছাদেক নিজ হাতে একটি সাদা কাগজে চিরকুট লেখে।

“তারা বিছানার নিচে রাখা চাবি নিয়ে আলমারি খুলে ৬ লাখ ৫০ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হয়ে সাগরের রিকশায় চড়ে ঘটনাস্থল ত্যাগ করে।”

র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, ইমন লুটের ভাগ হিসেবে ৫০ হাজার টাকা সাগরকে দেন। বাকি ছয় লাখ টাকা ছাদেকের সঙ্গে সমান ভাগে ভাগ করে নেন।

ঘটনার পর দিন ইমন প্রথমে গাজীপুরে, পরে যশোরের চৌগাছা এলাকায়; সাগর রংপুরের মিঠাপুকুর এলাকায় এবং ছাদেক ঝিনাইদহ এলাকায় আত্মীয়র বাসায় আত্মগোপনে চলে যান।

র‌্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, ইমন প্রায় ১৫ বছর ধরে জিরানী এলাকায় বসবাস করছেন। আশুলিয়ার একটি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাস করে জিরানী এলাকার একটি পোশাক কারখানায় কোয়ালিটি কন্ট্রোলারের কাজ নিয়েছিলেন তিনি।

মাদকাসক্ত ইমনের বিরুদ্ধে গাজীপুরের কাশিমপুর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে জানিয়ে র‌্যাবের মুখপাত্র বলেন, “তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”