২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের সাবেক জিএম আখতারের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার করে আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ তার বিরুদ্ধে।

বিমানের সাবেক জিএম আখতারের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন ভবন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 11:12 PM

Updated : 26 Sep 2022, 11:12 PM

দুই যুগ আগের ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের সাবেক মহাব্যবস্থাপক আখতার উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে এ মামলা করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানের এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এবং দুদকের অনুসন্ধানে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়।”

এজাহারে বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তদন্তে প্রাথমিক প্রমাণিত হয় যে, আখতার উদ্দিন আহমেদ বিমানের লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালীন সময় (১৯৯৩-১৯৯৮) এয়ারলাইন্সের সিটি অফিসের জন্য অফিস ইকুইপমেন্ট ও টেলিফোন সিস্টেমের জন্য ত্রৈমাসিক দুই হাজার ১২৫ পাউন্ড ভাড়ার ভিত্তিতে তিনটি কোম্পানির সঙ্গে লিজ চুক্তি ছিল, যার মেয়াদ ছিল ২০০১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।”

তিনি বিমানের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই ওইসব চুক্তি অবসান করে তখন নতুন চুক্তি স্বাক্ষর করেছিলেন বলে এতে উল্লেখ করা হয়েছে।

আখতার উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলায় অভিযোগ, “নতুন চুক্তিতে ত্রৈমাসিক ভাড়া দুই হাজার ১২৫ পাউন্ডের স্থলে ১০ হাজার ৫০৬ ইউকে পাউন্ড করা হয়, এবং ব্যাংক হিসাব খাত থেকে সরাসরি ডেবিট পদ্ধতিতে ভাড়া পরিশোধের শর্ত অন্তর্ভুক্ত করা হয়, যা আগের চুক্তিতে ছিল না।”

বিমানের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়া চুক্তিপত্রের ভিত্তিতে ২০০৪ সাল পর্যন্ত ভাড়া বাবদ বিমানকে এক লাখ ২০ হাজার ৭৪৪ পাউন্ড সমপরিমাণ ৯৬ লাখ ৫৯ হাজার ৪৪০ টাকা পরিশোধ করতে হয় উল্লেখ করে এজাহারে বলা হয়, “আখতার উদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার করে বিমানের এই ক্ষতিসাধন করেছেন।”