০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাড্ডাকাণ্ড: ৮ আসামির তিন দিনের রিমান্ড

এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 08:48 PM

Updated : 08 Oct 2026, 08:48 PM

ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার আট আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই লুৎফর রহমান এ তথ্য দিয়েছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-মো. শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, মো. শাহ আলম, মো. আতিকুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. নুর আলম, মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ ও মো. সাজ্জাদ হোসেন মিশু।

১৯৭৪ সাল থেকে মিরপুরের গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর ১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রায় দুইশ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে ঢুকে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। আর পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ, ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের জানালা-দরজা ভেঙে ফেলা হয়।

ভবনটি থেকে সব ধরনের আসবাবপত্র, ওষুধসামগ্রী, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি, আলমারি নিয়ে যায় হামলাকারীরা। সব মিলিয়ে পুরো স্থাপনাটির কোটি টাকার বেশি ক্ষতি হয় বলে রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ।

হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পর সেখানে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’ এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যায়।

এ ঘটনায় শাহআলী থানায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৪ অক্টোবর ৮ আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহআলী থানার এসআই মো. আতোয়ার রহমান। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন রাখেন বৃহস্পতিবার।

প্রসিকিউশন বিভাগের এসআই লুৎফর রহমান বলেন, “আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

রাড্ডার স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির কমিটিসহ তিনটি কমিটি বিলুপ্ত এবং বিভিন্ন সংগঠনের ১৪ নেতাকে বহিষ্কার করে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।

আগের খবর:

মিরপুরে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হল এনজিও কার্যালয়

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দিতে ওসির ‘পৃষ্ঠপোষকতা’ ছিল?

গুঁড়িয়ে দেওয়া ভবনের সামনে ত্রিপল টাঙিয়ে চলছে রাড্ডার টিকাদান

রাড্ডাকাণ্ড: বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির পদত্যাগ

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

রাড্ডাকাণ্ড: বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে