রাড্ডাকাণ্ড: বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
গত বৃহস্পতিবার গভীররাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা কার্যালয়ের একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় আলোচিত বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধানের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, মিষ্টিকে রোববারের মধ্যে সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ধরেননি।
মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে সংসদ সচিবালয়ের স্পিকারের দপ্তর থেকে বলা হয়, এ বিষয়ে এখনও তাদের কাছে কোনো পদত্যাগপত্র বা আনুষ্ঠানিক তথ্য আসেনি।
১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষকে বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে সেখানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রায় দুইশ লোক দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে ঢুকে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। রাড্ডার কার্যালয়ে থাকা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায় তারা। যাওয়ার আগে তারা সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ এর সাইনকোর্ড লাগিয়ে দিয়ে যায়।
ওই ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম আসে, যারা ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সঙ্গেও স্থানীয় বিএনপির কয়েকজনের সম্পৃক্ততার তথ্য আসে।
২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে ওই সমিতির সভাপতি ছিলেন মিষ্টি। রাড্ডা সেন্টারের জমিটি ওই সমিতির নামে বরাদ্দ দেওয়ার জন্য তখন গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। তাতে সভাপতি হিসেবে মিষ্টির সই ছিল।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার স্বামী প্রয়াত সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকার একটি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। স্বামীর মৃত্যুর পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
রাড্ডায় হামলা-ভাঙচুরের পর সংসদ সদস্য মিষ্টি দাবি করেন, ওই সমিতির সঙ্গে এখন আর তার কোনো সম্পৃক্ততা নেই। হামলা ও ভাঙচুরে ঘটনাতেও তার কোনো হাত নেই।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার সাংবাদিকদের বলেছিলেন, রাড্ডার কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সংসদ সদস্য মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে। ওই ঘটনায় বিএনপির কারো সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ নিয়ে আলোচনার মধ্যেই বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই দিনে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কারের ঘোষণা আসে।
এর আগে রাড্ডার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে পুলিশ প্রশাসন।
