সাবেক এমপি দোলন ৭ দিন ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
বিকালে শুনানি হওয়ার কথা রয়েছে।
ঢাকার ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের ৭ দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুক্রবার বিকালে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর মো. সেলিম রেজা এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবী এস এম দৌলত-এ-খুদা, তাছলিমা জাহান পপি রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন কৌঁসুলি হারুন-অর-রশীদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন শুনানিতে বলেন, “মামলাটা সন্ত্রাসবিরোধী আইনের। দোলনের বিরুদ্ধে আরও সাত মামলা রয়েছে। মিজানুর রহমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে থাকাকালে নিজের নামে ও আত্মীয়দের নামে মুক্তিযোদ্ধার সনদ দেন, যা পত্র-পত্রিকায় এসেছে। আর অভিনেতা তমাল গত ১৬ জুন এক সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগ সুন্দরভাবে ফিরে আসুক। ছাত্রলীগের আগুন-সন্ত্রাসের পক্ষও নেন তিনি। ‘আলো আসবে’ নামে একটি গ্রুপ আছে। এর মানে হল হাসিনা ফিরে আসবে।
“ডিসেম্বর বার বার আসবে, হাসিনা ফিরতে পারবে না। এদেশে ডিসেম্বর বার বার আসবে। কিন্তু ২ হাজার শহীদের রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত, তারেক রহমানকে নির্বাচনের মাধ্যমে মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছে। সেই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা ফিরতে পারবে না।”
প্রসিকিউটর সুমন বলেন, “অভিনেতা-অভিনেত্রীরা খালেদা জিয়ার বাড়ি পর্যন্ত ঘেরাও করেছে। আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগকে ছেড়ে যায় না। তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে। এদের মাস্টারমাইন্ড আছে। তাদের তথ্য সংগ্রহসহ গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ড প্রয়োজন।”
জবাবে আইনজীবী এস এম দৌলত-এ-খুদা বলেন, “দিনের পর রাত আসবে, আবার রাতের পর দিন আসবে। ক্ষমতার পর ক্ষমতা আসবে, আবার ক্ষমতা হারানোর বেদনাও আসবে।”
শুনানি নিয়ে আদালত দোলনের ৭ দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করে।
বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুরকে এবং আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়।
এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার তিনজন ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য মিলেছে। এ ছাড়া তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।
আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।
আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
