২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি প্রশ্ন সরবরাহ আগের পদ্ধতিতেই, নিরাপদ থাকবে তো?

নজরদারিতে পরিবর্তন এনে প্রশ্নের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় পদক্ষেপের কথা বলছেন সংশ্লিষ্টরা।

এইচএসসি প্রশ্ন সরবরাহ আগের পদ্ধতিতেই, নিরাপদ থাকবে তো?

ফাইল ছবি

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 12:45 AM

Updated : 06 Nov 2022, 03:07 AM

মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ধাক্কার দেড় মাসের মধ্যে আরেকটি পাবলিক পরীক্ষায় বসতে যাচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী, যেখানে প্রশ্নপত্র সরবরাহ করা হচ্ছে সেই প্রচলিত পদ্ধতিতেই।

আগের তিক্ত অভিজ্ঞতা এড়ানো এবং প্রশ্নফাঁসের ঝুঁকি কমাতে এবার যদিও আগেভাগে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

এর অংশ হিসেবে রোববার শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের এ পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহের 'নজরদারি ব্যবস্থায় পরিবর্তন' আনার পাশাপাশি আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে এ কাজের সঙ্গে সংশ্লিষ্টদের।

এবার প্রশ্নের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের অনিয়মের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে রেখেছে শিক্ষা বোর্ড। এতে ফাঁস এড়ানো যাবে বলে আশা কর্মকর্তাদের।

তবে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছাতে ডিজিটাল প্রযুক্তিতে যাওয়ার সুপারিশের মধ্যে এবারও ‘বিশ্বাসে ভর করে’ কতটুকু নিরাপদ থাকা যাবে তা নিয়ে ভাবনাও থাকছে।

ছাপাখানা থেকে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত প্রশ্ন সরবরাহের প্রচলিত পদ্ধতির অনুসরণকালে কোথাও সামান্য সুযোগের ফাঁকে বিশ্বাসে চিড় ধরলে প্রশ্ন বেহাতের শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না কর্মকর্তারা।

Image

ফাইল ছবি

এবার এ ধরনের ঘটনা ঘটলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেই বার্তা দিয়ে সংশ্লিষ্টদের ইতোমধ্যে চিঠি পাঠানোর কথা জানাচ্ছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভূরুঙ্গামারীর ঘটনায় জড়িত ছয়জনকেই গ্রেপ্তার করা হয়েছে, ছয়জনেরই এমপিওভুক্তি বাতিল হয়েছে।

“ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে- এ ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়েছে সবাইকে।”

বছর কয়েক আগেও বাংলাদেশে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়মিত বিষয়ে দাঁড়িয়েছিল, মহামারীকালের সংক্ষিপ্ত পরীক্ষায় অবশ্য এ নিয়ে তেমন শোরগোল শোনা যায়নি।

গুঞ্জন ছড়ালেও সুনির্দিষ্ট কোনো তথ্য সামনে না আসায় সরকারের শিক্ষা বিভাগের সব পর্যায় থেকেই ‘প্রশ্ন ফাঁসের সুযোগ নেই’- এমন মন্তব্য আসছিল।

এর মধ্যে চলতি বছরের এসএসসি পরীক্ষা বড় ধাক্কা হিসেবেই আসে নীতি-নির্ধারকদের জন্য। গেল সেপ্টেম্বরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসির প্রশ্নফাঁস হওয়ায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি পরীক্ষা স্থগিত ও ছয়টি বিষয়ের প্রশ্ন বাতিল করতে হয়েছে।

এইচএসসি: ডেঙ্গু আক্রান্তদের পরীক্ষা আলাদা ব্যবস্থায়, লোডশেডিং বন্ধে চিঠি

প্রশ্ন ফাঁস: ‘ত্রুটি’ সরবরাহে, বিকল্পে যেতে ‘বাধা’ যেখানে

একই শিক্ষা বোর্ডে আরও কয়েকটি বিষয়ের প্রশ্নফাঁসের অভিযোগও ছিল।

সেসময় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, প্রশ্ন বাছাই ও আনা নেওয়ার দায়িত্বগুলো দেওয়া হয় ‘বিশ্বাস’ করে। এখন মানুষ যদি বিশ্বাস না রাখে তাহলে কি করা! ভবিষ্যতে আরও সতর্ক থাকতে হবে। 

বর্তমানে সরকারি মুদ্রণালয় বিজি প্রেস থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ছাপিয়ে পাঠানো হয় জেলা প্রশাসকদের কাছে। সেখান থেকে প্রশ্ন যায় উপজেলায়, এরপর নিয়ে যাওয়া হয় প্রতিটি কেন্দ্রে।

একজন পুলিশের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে নিয়ে কেন্দ্রসচিব তার কেন্দ্রের প্রশ্ন ঠিকমত এসেছে কি না তা যাচাই করে উপজেলা ট্রেজারি বা থানার লকারে রাখেন। পরীক্ষার দিন সকালে একজন সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যকে নিয়ে নির্ধারিত বিষয়ের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যান কেন্দ্রসচিব।

এ প্রক্রিয়ায় পরীক্ষার কয়েকদিন আগেই সব বিষয়ের প্রশ্ন উপজেলা পর্যন্ত পৌঁছে যাওয়ায় পারস্পরিক যোগসাজশ বা কারও অবহেলায় প্রশ্নফাঁসের শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। 

তাদের পরামর্শ, প্রশ্ন সরবরাহের প্রচলিত পদ্ধতিতে ‘উচ্চ ঝুঁকি’ থাকায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে।

সবশেষ এসএসসির ঘটনার পর প্রশ্নফাঁস ঠেকাতে ২০১৮ সালে সরকারের তদন্ত কমিটিতে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ প্রশ্ন রেখেছিলেন, বর্তমান পদ্ধতিতে প্রশ্ন সরবরাহে যে পরিমাণ মানুষ সম্পৃক্ত হন, সেখানে ‘বিশ্বাসের’ উপর কিভাবে ভরসা রাখা যায়?

নীতি নির্ধারকদের বিভিন্ন সময়ে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে পরামর্শ দিয়েছেন জানিয়ে তিনি বলেছিলেন, “পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানো শুরু হবে। এজন্য যতগুলো প্রিন্টার দরকার, আমরা রাখব। এতে আর আগে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ থাকবে না।”

নেওয়া হচ্ছে যে ব্যবস্থা

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার বলছেন, এবার আরও কড়াকড়ি ব্যবস্থা হিসেবে উপজেলায় ইউএনও ও জেলায় ট্রেজারি কর্মকর্তাকে প্রশ্ন বাছাই বা শর্টিংয়ে সরাসরি তদারকি করতে বলা হয়েছে, যেন প্রশ্নফাঁসের ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে।

কেন্দ্র সচিবই যদি প্রশ্ন ফাঁস করেন, তবে কী করতে পারি: শিক্ষা সচিব

কুড়িগ্রামে এসএসসির প্রশ্নফাঁস: ছয়জনের এমপিও স্থগিত, বরখাস্ত ১

প্রশ্ন ফাঁস: কুড়িগ্রামে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

“কেন্দ্র সচিব থেকে শুরু করে যারা যে দায়িত্ব আছে, সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে, সতর্ক করা হয়েছে।”

এ পদক্ষেপ কতটা কাজে আসবে, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রশ্নফাঁসে আলোচিত দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান।

তিনি বলেন, ট্রেজারিতে একটি খামের মধ্যে প্রশ্ন ঢুকিয়ে সেটির মুখ বন্ধ করে দেওয়া হয়। সেখানে তদারকির ঘাটতি থাকায় এতদিন কেন্দ্র সচিবের ইচ্ছেমত প্রশ্ন নিয়ে যাওয়ার সুযোগ ছিল।

“কেন্দ্র সচিব প্রশ্ন সিকিউরিটি খামে ঢুকানোর সময়- ধরেন ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের সঙ্গে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নেরও একটা করে প্রশ্ন ঢুকিয়ে মুখ বন্ধ করে দিয়েছেন। ট্রেজারি অফিসার সেটা খেয়াল করে নাই। ফলে কেন্দ্র সচিব অন্যান্য প্রশ্ন নিয়ে কেন্দ্রে চলে গেছেন।”

তিনি বলেন, আগে ইউএনও নিজে ট্রেজারি অফিসারের দায়িত্ব পালন করতেন না। থানার একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তিনি দায়িত্ব দিতেন।

“ইউএনও প্রশ্ন খামে ঢুকানোর সময় নিজের চোখে দেখতেন না, কেন্দ্র সচিবরা যে যেভাবে ইচ্ছা ঢুকাত। এজন্যই কিন্তু একজন কেন্দ্র সচিব ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার দিন জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ- এসব প্রশ্ন নিয়ে যেতে পেরেছেন।”

এবার এই ঝুঁকি এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বোর্ডের বৈঠক হয়েছে বলে জানান তোফাজ্জুর।

“সেখানে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, এবার সিকিউরিটি খামে প্রশ্ন ঢুকানোর সময় উপজেলা পর্যায়ে ইউএনও নিজে ট্রেজারিতে থাকবেন। জেলা পর্যায়ে ডিসি যে ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেবেন, তিনি ট্রেজারি অফিসার হিসেবে থাকবেন এবং প্রশ্নপত্র সিকিউরিটি খামে ঢুকানোর সময় ট্রেজারি কর্মকর্তা নিজে দেখে মুখটা বন্ধ করবেন।”

দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “ইউএনও যদি থাকতে না পারেন, তাহলে অন্ততপক্ষে এসি ল্যান্ড থাকবেন। উনি অবশ্যই নিজে চোখে দেখে নেবেন যে, খামে ওই প্রশ্ন ঢুকল নাকি অন্য দিনের প্রশ্ন ঢুকানো হল।

“তারপর উনি খামের মুখটা বন্ধ করবেন এবং একটি স্বাক্ষর দিবেন। ফলে আর কোনো কেন্দ্র সচিব চাইলেই অন্য কোনো প্রশ্ন নিয়ে যেতে পারবেন না।”

প্রশ্নফাঁস না হলেও এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে নড়াইলের তিন কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বিতরণ করা হয়েছিল।

এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, তারা প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। প্রশাসন থেকেও এবার আরও সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

“দিনাজপুরে যেটা ঘটেছে, প্রশ্ন শর্টিংয়ের সময়; তাই এবার এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে শর্টিংয়ের সময় ডিসি বা এডিসিকে (শিক্ষা) দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো করতে। আমাদের বোর্ডে এডিসি, ইউএনও ও তার প্রতিনিধিরা থেকে প্রশ্ন শর্টিং করেছে। আশা করছি এবার কোনো বিঘ্ন ঘটবে না।”

এছাড়া আগের কয়েক বছরের মত প্রশ্নফাঁসসহ অন্যান্য অনিয়ম বন্ধে পরীক্ষার আগে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখা হচ্ছে।