যেভাবে জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফল
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়েছে।
সে দিন বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ও মোবাইল এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডগুলোর প্রকাশিত ফল https://eduboardresults.gov.bd বা https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
পরীক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটেও গিয়ে ফল দেখতে পারবেন।
এছাড়া পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বরের মাধ্যমেও ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করতে হবে HSC, স্পেস দিয়ে নিজ বোর্ডের তিন অক্ষরের নাম, স্পেস দিয়ে রোল নম্বর আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ স্বরূপ: ঢাকা বোর্ডের ক্ষেত্রে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে HSC MAD ROLL YEAR।
আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের HSC TEC ROLL YEAR লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে।
মোবাইলের মাধ্যমে ফল জানার ক্ষেত্রে অবশ্যই ৩ টাকার সমপরিমাণ টাকা মোবাইল সিমে থাকতে হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কয়েকটি জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।
গত শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের দিন হিসেবে ২৯ অক্টোবরের কথা জানানো হয়েছিল। তবে মঙ্গলবার দুই দিন পিছিয়ে আবার সময় নির্ধারণ করেছে কমিটি।
