কেরাণীগঞ্জ থানার কাছে বাসে আগুন
বাসটি খালি অবস্থায় সেখানে দাঁড়ানো ছিল।
দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কাছে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। খবর পেয়ে সংস্থাটির কর্মীরা সেখানে যান।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ডিউটি অফিসার চন্দন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে যায়। খালি বাসটি সেখানে দাঁড়ানো ছিল।
“কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।"
