নর্থ সাউথের ট্রাস্টি কাশেমের জামিন বহাল
হাই কোর্ট গত ১০ নভেম্বর রুল নিষ্পত্তি করে তাকে জামিন দিয়েছিল।
দুর্নীতি মামলায় কারাবন্দি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেমের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
জামিন স্থগিতে দুদকের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। এম এ কাশেমের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও শাহ মঞ্জুরুল হক।
বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাই কোর্ট বেঞ্চ গত ১০ নভেম্বর রুল নিষ্পত্তি করে নর্থ সাউথের ট্রাস্টি এম এ কাশেম ও রেহানা রহমানকে জামিন দেয়।
শর্ত ছিল, তারা জামিনে থাকার সময় দেশের বাইরে যেতে পারবেন না এবং অনুমতি ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যেতে পারবেন না।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারক গত ১৩ নভেম্বর এম এ কাশেমের জামিন স্থগিত করে বিষয়টি শুননির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। সেই আবেদনের শুনানি করে জামিন বহাল রাখল সর্বোচ্চ আদালত।
আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, “চেম্বারে রেহানা রহমানের বিষয়ে ‘নো অর্ডার’ হয়েছিল। এর মাধ্যমেই তার আপিল বিভাগের চূড়ান্ত আদেশ হয়ে গেছে।”
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারীর করা ওই মামলায় ট্রাস্টি বোর্ডের এই দুই সদস্য ছাড়াও বোর্ডের অপর দুই সদস্য বেনজীর আহমেদ ও মোহাম্মদ শাহজাহান, বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীকে আসামি করা হয়।
মামলার পর বোর্ডের চার সদস্য গত ২২ মে আগাম জামিনের জন্য হাই কোর্টে গেলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের নিম্ন আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এরপর কারাগার থেকে কাশেম ও রেহানা হাই কোর্টে জামিনের আবেদন করলে আদালত গত অগাস্টে রুল দেয়। সেই রুলের চূড়ান্ত শুনানি করে হাই কোর্ট তাদেরকে জামিন দেয়।
তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন/সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির দাম ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা ‘আত্মসাৎ’ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, “বিশ্ববিদ্যালয় তহবিলের টাকা আত্মসাতের হীন উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে তারা প্রথমে বিক্রেতার নামে টাকা প্রদান করেন। পরবর্তীতে বিক্রেতার নিকট থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে এফডিআর করে রাখেন এবং পরবর্তীতে নিজেরা উক্ত এফডিআরের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।
“অবৈধ ও অপরাধলব্ধ আয়ের অবস্থান গোপনের জন্য উক্ত অর্থ হস্তান্তর ও স্থানান্তর মাধ্যমে আসামিরা মানি লন্ডারিংয়ের অপরাধও সংঘটন করেন।”
