২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে, বলেন ডিএসসিসি প্রশাসক।

পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে বংশালের নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ডিএসসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 05:02 PM

Updated : 24 Sep 2026, 05:02 PM

ঢাকার পল্টন মোড় থেকে গুলিস্তানের জিরো পয়েন্ট হয়ে বংশালের নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বৃহস্পতিবার ওই সড়ক পরিদর্শন করে বলেন, সেখানে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নগর কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুস সালাম বলেন, “বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। হকাররা স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সম্মিলিত সহযোগিতায় নগরবাসীকে ফুটপাত ও সড়কে স্বস্তি ফিরিয়ে দিতে চাই।”

কেবল গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন পূর্বপাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত জায়গায় নিয়মানুযায়ী নিবন্ধিত নির্দিষ্ট সংখ্যক হকার বসতে পারবেন।

নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে যেখানে সেখানে হকার বসে জনভোগান্তি তৈরির কোনো সুযোগ নেই জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, “নিয়মের ব্যত্যয় ঘটালে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে তিনি বলেন, “বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনামা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ডিএসসিসি প্রশাসক এক ঘণ্টারও বেশি সময় উপস্থিত থেকে পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম তদারকি করেন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এসময় উপস্থিত ছিলেন।