Published : 29 Dec 2022, 06:59 PM
ঢাকার মেট্রোরেলে যাত্রী বহন শুরুর দিনে দুই যাত্রীকে নিয়ম ভাঙার কারণে জরিমানা গুনতে হয়েছে।
এদের একজনকে জরিমানা করা হয়েছে টিকেট হারিয়ে ফেলার জন্য। অন্যজনকে করা হয়েছে প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় অবস্থান করায়।
ঢাকার মেট্রোরেলে চড়তে হলে চিপ সম্বলিত একটি কার্ড কিনতে হয়। ওই কার্ড দিয়ে দরজা খুলেই ভেতরে ঢুকতে হয়। ভ্রমণ শেষে স্টেশন থেকে বের হওয়ার সময় দরজা খুলতে ওই কার্ড প্রয়োজন হয়। ওই কার্ড রেখেই বেরিয়ে আসতে হয়।
আর টিকেট কাটার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্রমণ করতে হয়, নইলে ওই টিকেট অকার্যকর হয়ে পড়ে।
বুধবার উদ্বোধনের পর বৃহস্পতিবার যাত্রী বহন শুরু করার পর স্টেশনে ছিল বেশ ভিড়। এদিন ৩ হাজার ৮৫৭ জন দেশে বৈদ্যুতিক ট্রেনে প্রথম স্বাদ নেয়।
তাদের মধ্যে দুজনকে নিয়ম ভাঙার কারণে জরিমানা করা হয় বলে ঢাকার মেট্রোরেল পরিচালনার কোম্পানি ডিএমটিসিএলের যুগ্ম সচিব (প্রশাসন) মো. আব্দুর রউফ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিন (বৃহস্পতিবার) দুজনকে জরিমানা করা হয়েছে। একজনকে জরিমানা করা হয়েছে টিকেট হারিয়ে ফেলার কারণে। আরেক জনকে জরিমানা করা হয়েছে টিকেট সংগ্রহ করে এক ঘণ্টার বেশি প্ল্যাটফর্মে সময় কাটানোর কারণে।”
তবে এই দুই যাত্রীকে কত টাকা জরিমানা করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।
ডিএমটিসিএলের একজন ব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরা থেকে আগারগাঁও আসা একজন যাত্রীকে টিকেট হারিয়ে ফেলার কারণে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “একজন যাত্রী উত্তরা থেকে টিকেট কেটে আগারগাঁও আসেন। ওই যাত্রী ৬০ টাকা দিয়ে কেনা ডিজিটাল টিকেটটি হারিয়ে ফেলেন। ওই যাত্রী স্টেশন থেকে বের হওয়ার সময় তার ডিজিটাল টিকেট নির্ধারিত মেশিনে জমা দিতে না পারায় স্বয়ংক্রিয় পদ্ধতি তাকে বের হতে দিচ্ছিল না।
“এরপর বিষয়টি দায়িত্বরত কর্মীদের নজরে আসলে তারা ওই যাত্রীকে নির্ধারিত মেশিনের কাছে নিয়ে যান। এরপর মেশিনে নির্ধারিত বাটনে ক্লিক করার পর তার কাছে ১০০ টাকা দাবি করে। এরপর ১০০ টাকা ওই মেশিনে প্রবেশ করালে তার জন্য আরেকটি কার্ড বের হয়ে আসে। পরে এক্সিট গেটে ওই কার্ড প্রবেশ করালে ওই যাত্রীর জন্য গেট খুলে যায় এবং তিনি বের হতে পেরেছেন।”
এই কর্মকর্তা বলেন, যাত্রী যে কার্ডটি হারিয়ে ফেলেছিলেন, তার দামই ৬০ টাকা।
ডিএমটিসিএল আইন অনুযায়ী, একজন যাত্রী টিকেট সংগ্রহ করার পর প্ল্যাটফর্মে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করতে পারবেন। এর বেশি অবস্থান করলে তিনি জরিমানার মুখে পড়বেন।
প্ল্যাটফর্মে অতিরিক্ত জনসমাগম ঠেকানোর জন্য এই আইন করা হয়েছে বলে জানান ডিএমটিসিএলের যুগ্ম সচিব রউফ।