২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় খুনের ঘটনায় গ্রেপ্তার দুই ছিনতাইকারী

তাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 06:06 PM

Updated : 22 Oct 2023, 06:06 PM

চারদিন আগে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু এবং তার ছোট ভাই আহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রফিক (৩৮) ও নাসির (২০)। দক্ষিণখান ও  কচুক্ষেত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার এক সংবাদ সম্মেলনের জানানো হয়।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোর্শেদ আলম বলেন, ২৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৩টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে বিএনএস টাওয়ারের সামনের সড়কে ফ্লাইওভারে ওঠার সময়ে এক ছিনতাইকারী ধীরগতির চলন্ত পিকআপে ওঠে।

মোবাইল ও টাকা ছিনতাই করে পালানোর সময় গাড়িতে থাকা দেলোয়ার হোসেন তাকে ধরার চেষ্টা করলে ছিনতাইকারীর অন্য দুই সহযোগী এসে দুই ভাইকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। পরে তার মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়।

ওই ঘটনায় বড় ভাই দেলোয়ারের মৃত্যু হয়; আহত ছোট ভাই আনোয়ারকে ভর্তি করা হয় হাসপাতালে।

উপ কমিশনার মোর্শেদ বলেন, “সিসি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের হোতা রফিককে দক্ষিণখানের একটি বস্তি থেকে এবং নাসিরকে মিরপুরের কচুক্ষেত সংলগ্ন সাগরিকা বস্তি থেকে গ্রেপ্তার করা হয়।”

এই চক্রটি এভাবে আরও ছিনতাই করেছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “রফিক ট্রাক, মিনিট্রাক, পিকআপ টার্গেট করে দ্রুত গাড়িতে উঠে যায়। ছিনতাই করার সময় স্পটে থাকেন নাসির ও তার সহযোগীরা।

“যদি দলের কেউ ধরা পড়ে, তাহলে তারা চাকু দিয়ে জখম করে তাকে ছিনিয়ে আনে এবং ঘটনাস্থল ত্যাগ করে।”

গ্রেপ্তার রফিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে। নাসিরের বিরুদ্ধে রয়েছে একটি মাদক মামলা।

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)