০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মজুরি আন্দোলন: মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিংযোগের ঘটনায় গ্রেপ্তার ১

“আমরা ধারণা করছি, রাজিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হয়ে গাড়িতে আগুন দিয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 10:43 AM

Updated : 02 Nov 2026, 10:43 AM

ঢাকার মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে বাহিনীর একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজিব চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, অগ্নিসংযোগের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন রাজিব।

ঢাকার উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি বলেন, ফেইসবুকে গাড়ি পোড়ানোর কথা স্বীকার করায় তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

“রাজিব একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হলে তা কয়েক ঘণ্টা ধরে চলে। এর মধ্যে দুপুরে মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা খালিদ মনসুর বলেন, “আমরা ধারণা করছি, রাজিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হয়ে গাড়িতে আগুন দিয়েছে।”

পল্লবী এলাকায় গাড়ি পোড়ানোর ঘটনা হওয়ায় তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।