২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ভাষণের স্মরণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’

১৯৭২ সালের ১৮ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালতের যাত্রা শুরুর পর যে স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, সেই স্থানটি সংরক্ষণের জন্য ‘স্মৃতি চিরঞ্জীব’ নির্মাণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 04:05 PM

Updated : 28 Jul 2023, 04:05 PM

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি চিরঞ্জীব’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সরকার প্রধান এই স্মৃতিস্তম্ভটি উন্মোচন করেন বলে বাসস জানায়।

১৯৭২ সালের ১৮ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালতের যাত্রা শুরুর পর যে স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, সেই স্থানটি সংরক্ষণের জন্য ‘স্মৃতি চিরঞ্জীব’ নির্মাণ করা হয়েছে।

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ আইনজীবীর নাম খোদাই করা হয়েছে এই স্তম্ভে।

সুপ্রিম কোর্ট আয়োজিত এই অনুষ্ঠান থেকেই দেশের সর্বোচ্চ আদালতের ‘রেকর্ড ভবন’ এর ভিত্তি স্থাপন করেন সরকার প্রধান।

এছাড়া সুপ্রিম কোর্টের প্রকাশনা ‘আমাদের বিচারালয়’এর মোড়কও উন্মোচন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে ‘বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের যাত্রার’ ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজউদ্দিন ফকির উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।