২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি’ দেখিয়ে ‘প্রতারণা’ করে কারাগারে

আসামি সজীব প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবি দেখিয়ে নিজেকে ‘অত্যন্ত ক্ষমতাবান ও প্রভাবশালী’ বলে প্রচার করে টাকা আদায় করেন বলে একটি মামলায় অভিযোগ করা হয়েছে।

‘প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি’ দেখিয়ে ‘প্রতারণা’ করে কারাগারে

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 09:48 PM

Updated : 31 Oct 2023, 06:32 PM

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে’ নিজের ছবি দেখিয়ে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় সাইফুল ইসলাম সজীব নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

হাতিরঝিল এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের করা মামলায় বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন সজীব। তিনি ঢাকার শান্তিনগরের কণর্ফুলী সিটির বাসিন্দা।

তার পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের।

বাদীর পক্ষে জামিনের বিরোধিতা করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গাজী মো. শাহ আলম, মো. শামসুল হুদা ও এম এ সাত্তার।

দুই পক্ষের বক্তব্য শুনে মহানগর হাকিম মো. জাকী-আল-ফারাবী তার সিদ্ধান্ত জানান।

সজীবের বিরুদ্ধে কী অভিযোগ

সম্প্রতি সজীবের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে একটি নালিশি মামলা করেন তৌহিদুল ইসলাম নামে একজন। তিনি ঢাকায় মোটর সাইকেলের একটি শোরুমের মালিক।

তৌহিদুল লেখেন, সজীব প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবি দেখিয়ে নিজেকে ‘অত্যন্ত ক্ষমতাবান ও প্রভাবশালী’ বলে প্রচার করেন। এক সময় তার শোরুমে এসে ব্যবসা বড় করতে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

এই প্রস্তাব নিয়ে কথা বলতে সজীবের অফিসে যান তৌহিদুল। গিয়ে দেখেন দেয়ালে ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সজীবের’ একটি ছবি টানানো।

সজীব জানান, তিনি ২০ লাখ টাকা ঋণ মঞ্জুর করিয়ে দিতে পারবেন। এ জন্য তাকে এক ১ লাখ টাকা ‘খরচ’ দিতে হবে।

‘সরল বিশ্বাসে‘ সজীবকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা মামলায় উল্লেখ করেন তৌহিদুল। কিন্তু তার ঋণ আবেদন ব্যাংক অনুমোদন করেনি। তখন তিনি টাকা ফেরত চান।

টাকা ফেরত না দিয়ে উল্টো আরও দুই লাখ টাকা চাঁদা দাবি এবং কথা না শুনলে তাকে অপহরণ করার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

আদালত এই অভিযোগটি আমলে নিয়ে হাতিরঝিল থানার ওসিকে সেটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেয়। পরে সজীব গত ২৭ আগস্ট হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। আগাম জামিনের মেয়াদ শেষ হলে তিনি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।