২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কথা-কাজ সবই ধ্বংসাত্মক: প্রধানমন্ত্রী

“এ ব্যাপারে দেশবাসীকে আমি সতর্ক করব। আজকের উন্নয়ন ধ্বংস করুক, সেটা আমরা চাই না,” বলেন তিনি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 03:26 PM

Updated : 19 Oct 2023, 03:26 PM

নির্বাচন সামনে রেখে বিএনপির কর্মকাণ্ডে নজর রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “এদের কথা, এদের কাজ সবই ধ্বংসাত্মক। এ ব্যাপারে দেশবাসীকে আমি সতর্ক করব। আজকের উন্নয়ন ধ্বংস করুক, সেটা আমরা চাই না।”

বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন সরকারপ্রধান।

তিনি বলেন, "বিএনপি এখন নির্বাচন নিয়ে কথা বলে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তারা নানান কথা বলে। আমি এখন সমালোচনা করতে চাই না। আমরা অনেক ভালো কাজ করেছি, ভালো কথাই বলতে চাই।

“২০০৯ সালে যখন আমরা সরকারে আসি, তখন সারা বাংলাদেশব্যাপী কীভাবে উন্নয়ন করব, সেই প্রচেষ্টা আমরা চালাই।"

অন্যদিকে ২০১৪ সালের নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধে নাশকতার কথাও মনে করিয়ে দেন শেখ হাসিনা।

তিনি বলেন, "বিএনপি-জামায়াত আন্দোলন করছে ঠিক আছে। যদি এখনো তারা বাসে আগুন দিতে চায়, আমি বলে দিয়েছি, যারা বাসে আগুন দিবে, সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নেওয়ার তাই নেবে, যেন মানুষের ক্ষতি করতে না পারে। আবারো অগ্নি সন্ত্রাস করতে না পারে।

“আন্দোলন করুক, আমাদের আপত্তি নাই। আমি তো সারাজীবন আন্দোলন করে, তারপর ক্ষমতায় এসেছি। কিন্তু মানুষের ক্ষতি করা, এটা যেন করতে না পারে। সে ক্ষেত্রে আপনার সকলের সতর্ক থাকুন।"

যত্ন নিতে হবে চালকদেরও

এ অনুষ্ঠানে পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস এবং স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সড়কে চলতে গিয়ে চালকদের আরো সতর্ক হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, "যারা বাস, ট্রাক, গাড়ি চালায়, তাদের অস্বাভাবিক যে প্রতিযোগিতা, ওভারটেক করার যে প্রতিযোগিতা, এটা বন্ধ করতে হবে। এজন্য আপনাদের ড্রাইভারদের ভালো ভাবে প্রশিক্ষণ দিতে হবে।

“ডাইভারদের মনস্তাত্ত্বিক শিক্ষা দেওয়া উচিত বলেও আমি মনে করি। (শুধু যে) রাস্তা বা গাড়ির ক্ষতি করে তা নয়, তাদের নিজেদের জীবন দিতেও বাধ্য হয়।”

বাস ও ট্রাকের চালক ও যাত্রীরা যাতে বিশ্রাম নিতে পারেন, সেজন্য মহাসড়কে কয়েক কিলোমিটার পরপর বিশ্রামাগার করার কথা প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন। তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি জায়গায় বিশ্রামাগার হয়েছে, পর্যায়ক্রমে আরো করা হবে।

চালকদের বিষয়ে গাড়ির মালিকদেরও সচেতন হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, "সে কিন্তু একজন মানুষ, তারও বিশ্রামের প্রয়োজন আছে। ড্রাইভার খাবার ঠিকমত খেতে পারল কিনা সেটাও দেখতে হবে। গাড়ি চালাতে পেট্রোল লাগবে, কিন্তু যাকে দিয়ে চালাবেন, তারও তো পেট্রোলের দরকার আছে। সেটাতেও নজর দিতে হবে।

"এখন সরকারে আছি, সরকারের গাড়িতে চলি। যখন আমি নিজের গাড়িতে চড়তাম, আমি সবার আগে ড্রাইভারের খাবার, ড্রাইভারের বিশ্রামের ব্যবস্থা করতাম। নির্বাচনে সময় ঠিক থাকত না, আমি সামনের সিটে বসতাম, আমি নিজের হাতে কমলা ছিড়ে বা বিস্কুট, যা কিছু ছিল, আমি ড্রাইভারকে দিতে থাকতাম।

“বলতাম, তুমি খেতে থাকো, তোমার পেট্রোল যেন ঠিক থাকে, তোমার মাথা যেন ঠিক থাকে। এভাবে তাদেরও যত্ন নিতে হয়। সড়কের ড্রাইভার মালিকদের বলব, নিয়মগুলো মেনে চললে নিজের জীবন সুন্দর থাকবে, আর আমাদের পথচারীরাও সুরক্ষিত থাকবে।"

শুক্রবার গাজার জন্য দোয়া

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়েও এ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ইসরায়েল যেভাবে হাসপাতালে হামলা করে নারী, শিশুদের হত্যা করেছে, আমরা একটা নিন্দা জানিয়েছি। আমাদের কথা হচ্ছে, দ্রুত এটা বন্ধ করতে হবে। ফিলিস্তিনবাসী তাদের ন্যায্য জায়গা যেন ফেরত পায়, যে জায়গাগুলো দখল করছে, তাদেরকে দিতে হবে।

“সেখানে শুধু মুসলমান নয়, খ্রিষ্টান, ইহুদি অনেকেই ছিল। যারা মারা গেছেন। আমি অনুরোধ করব, আগামী শুক্রবার সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে জুমার পরে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের জন্য দোয়া এবং প্রার্থনা যেন করা হয়।”

প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফিলিস্তানে আহতদের জন্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর নির্দেশ দিয়েছেন, সে কথাও অনুষ্ঠানে বলেন।

তিনি বলেন, “আমাদের অফিস থেকে যোগাযোগ করে তাদের জন্য কিছু শুকনা খাদ্য বা শিশুদের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য আমরা পাঠাব। সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আমাদের যতটুকু সামর্থ্য থাকুক, আমরা দুর্গত মানুষের পাশে আছি।

“ওআইসির যারা রাষ্ট্রদূত আছে, তাদের সাথে আমরা গতকাল বৈঠকে বসেছি। সেখানে বলেছি, সকলকে এক হয়ে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাও তাদের সঙ্গে আছি৷ বারবার তাদের ওপর আঘাত হানা, এটা কখনো মেনে নেওয়া যায় না। এটা আমরা মানতে পারি না।”

সরকার এ বিষয়ে যতটা সম্ভব করবে জানিয়ে শেখ হাসিনা বিএনপির ‘নীরবতারও’ সমালোচনা করেন।

তিনি বলেন, “আমরা দেখি অনেকে চুপ থাকেন। কারণ, যারা এই ধরনে ঘটনা ঘটাচ্ছে, তারা যদি নাখোস হয়। নির্যাতিত লোকের কথা বলতে যাদের সাহস নাই, তারা আন্দোলন করে পত্যাগের দাবি দেয়।"

অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সড়ক ও মাহসড় বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ও সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান অনুষ্ঠানে বক্তব্য দেন।