ডিসেম্বর মাসে সারাদেশে ২৩৬০ অগ্নিকাণ্ড
ঢাকায় এ মাসে গড়ে প্রতিদিন সাতটি করে অগ্নিকাণ্ড ঘটছে।
সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৬০টি অগ্নি দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৮ জন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল।
সেখানে বলা হয়, সারাদেশে ২ হাজার ৩৬০টি অগ্নি দুর্ঘটনার মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ঘটেছে ১৯২টি। অর্থাৎ, ঢাকায় গড়ে প্রতিদিন সাতটি করে অগ্নিকাণ্ড ঘটছে।
এ মাসে ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি অগ্নিকাণ্ড ঘটেছে।
মাসিক পরিসংখ্যানে দেখা যায়, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ড বেড়েছে। গত নভেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে।
ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি অগ্নিকাণ্ডে চারজন আহত ও চারজন নিহত হন।
ডিসেম্বর মাসে সারাদেশে ৮২৭টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসব ঘটনায় ১০০ জন নিহত, ৮৩৪ জন আহত হন। এর মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৭৫টি।
এছাড়া রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে ২৬টি দুর্ঘটনা, গ্যাস লাইনের ত্রুটি থেকে নয়টি দুর্ঘটনা, ১২টি লিফট দুর্ঘটনা, নদী ও পানিতে ডোবার ৩৪টি দুর্ঘটনা ঘটে।
এই সময়ে সারাদেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডিসেম্বরে শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরণের দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
এছাড়া ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে।
