১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচারপতি মানিকের উপর হামলা: সাবেক কাউন্সিলরসহ দুজন গ্রেপ্তার

গ্রেপ্তার দুজনই বিএনপির নেতা। এর আগে গ্রেপ্তার ১২ জনও বিএনপি সমর্থক।

বিচারপতি মানিকের উপর হামলা: সাবেক কাউন্সিলরসহ দুজন গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 06:30 PM

Updated : 09 Nov 2022, 04:02 PM

নয়া পল্টন দিয়ে যাওয়ার সময় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে বিএনপির সাবেক এক কাউন্সিলরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ- কমিশনার রাজীব আল মাসুদ।

গ্রেপ্তার হারুন উর রশীদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। তিনি ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির যুগ্ম আহ্বায়ক। তার সঙ্গে গ্রেপ্তার অন্যজন হলেন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিক হাওলাদার।

পুলিশ কর্মকর্তা রাজীব বলেন, এই ঘটনায় এনিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হল।

গত ২ নভেম্বের গাড়িতে যাওয়ার সময় নয়া পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে সড়কে আক্রান্ত হন বিচারপতি মানিক।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারক একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিতে সক্রিয় ছিলেন।

হামলার সময় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির একটি সমাবেশ চলছিল। ওই সমাবেশ থেকে বিএনপিকর্মীরাই হামলা চালায় বলে বিচারপতি মানিকের অভিযোগ। পুলিশও তাই ধারণা করছে।

এর আগে যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারাও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতা-কর্মী।

হামলার ঘটনার পর বিচারপতি মানিকের দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। তাতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

পুরানো খবর:

বিচারপতি মানিকের ওপর হামলা বিএনপির সমাবেশ থেকেই: পুলিশ