২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপোজার ইন্টারন্যাশনাল পুরস্কার জিতলেন সারোয়ার ও জয়

বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে সারোয়ারের ২৪টি আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীও ছিল এবারের আসরে।

এক্সপোজার ইন্টারন্যাশনাল পুরস্কার জিতলেন সারোয়ার ও জয়

প্রদর্শনীতে স্থান পাওয়া সারোয়ার হোসেনের একটি ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2024, 12:32 AM

Updated : 08 Mar 2024, 12:52 AM

বাংলাদেশের দুই আলোকচিত্রী সারোয়ার হোসেন অপু ও জয় সাহা জিতলেন এক্সপোজার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস।

গত ৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক্সপোজার সেন্টারে তাদের এ হাতে পুরস্কার তুলে দেন সেখানকার উপশাসক শেখ সুলতান বিন আহমেদ আল কাসিমি।

এবারের আসরে আলোকচিত্রী সারোয়ার তার লং টার্ম প্রজেক্ট ‘টিয়ার্স অব গ্লোবাল ওয়ার্মিং’র জন্য অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন।

Image

পুরস্কার হাতে আলোকচিত্রী সারোয়ার হোসেন অপু।

বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে বিভিন্ন সময়ে তোলা তার ২৪টি আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীর আয়োজনও ছিল এবারের আসরে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বাংলাদেশে কতটা তীব্রতর তা ফুটে উঠেছে অপুর তোলা এসব ছবিতে।

ঢাকার মিরপুরে জন্ম ও বেড়ে ওঠা ফ্রিল্যান্স ফটোগ্রাফার সারোয়ার এসব ছবি তুলেছেন উপকূলীয় এলাকা ভোলা ও সাতক্ষীরা এবং বন্যাক্রান্ত সিরাজগঞ্জ থেকে।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, “বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আমাদের দেশ যে কতটা ঝুঁকির সম্মুখীন, সেটাই আমি আমার ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

আর মোবাইল বিভাগে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার জয় সাহা। বগুড়া সদরে প্লাস্টিক পুনপ্রক্রিয়াজাতকরণ কারখানার ছবি ফোনে তুলে তিনি এ পুরস্কার জিতে নেন। তার তোলা ছবিটির শিরোনাম ‘প্লাস্টিক বোটল রিসাইক্লিং’।

Image

পুরস্কার হাতে আলোকচিত্রী জয় সাহা।

নারায়ণগঞ্জের বাসিন্দা জয় সাহা বলেন, “প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। প্লাস্টিক বোতল পুনপ্রক্রিয়াজাতকরণ করা না হলে এগুলো আমাদের পরিবেশকে আরো বেশি ক্ষতির মধ্যে ফেলত।”

Image

ফ্রিল্যান্স ফটোগ্রাফার জয় সাহার ছবি ‘প্লাস্টিক বোটল রিসাইক্লিং’।

২০১৬ সালে সাল থেকে প্রতিবছর এক্সপোজার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে শারজাহ গভর্নমেন্ট মিডিয়া ব্যুরো। ট্রাভেল, ড্রোন, ল্যান্ডস্কেপ, পোট্রেইচার, ওয়াইল্ডলাইফ, জুনিয়র, শর্টফিল্ম ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয় এ প্রতিযোগিতায়। এছাড়াও বেশ কয়েকটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন থাকে প্রতি বছর।