১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বস্তির পোড়া ঘরে পরিবারের অটুট বন্ধন: বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী

মাথা গোঁজার ঠাঁই আর সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়ার পরও পরিবারের সদস্যদের অটুট বন্ধন ও ভালোবাসার এক চিরন্তন মানবিক বার্তা ফুটে উঠেছে তার ছবির ফ্রেমে।

বস্তির পোড়া ঘরে পরিবারের অটুট বন্ধন: বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী

পিনু রহমানের সৌজন্যে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 11:39 AM

Updated : 11 Nov 2026, 11:39 AM

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য বড় এক সম্মান বয়ে আনলেন শৌখিন আলোকচিত্রী পিনু রহমান।

দুবাইভিত্তিক মর্যাদাপূর্ণ ‘হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার’ (হিপা)-এর পঞ্চদশ আসরে প্রথম বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড পুরস্কার’ জয় করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার দুবাই ফিউচার মিউজিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিশ্বের অন্যতম সম্মানজনক এই প্রতিযোগিতায় এবারের মূল থিম ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার।

Image

পিনু রহমানের সৌজন্যে

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকা এক পরিবারের ছবির জন্য এ পুরস্কার জিতেছেন পিনু। তার ছবির শিরোনাম ‘আন্ডার দ্য সেইম স্কাই’।

মাথা গোঁজার ঠাঁই আর সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়ার পরও পরিবারের সদস্যদের অটুট বন্ধন ও ভালোবাসার এক চিরন্তন মানবিক বার্তা ফুটে উঠেছে তার ছবির ফ্রেমে।

এবারের থিমে পরিবারের ধারণাকে শুধু মানুষের মাঝেই সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃতভাবে দেখার আহ্বান জানিয়েছিল হিপা কর্তৃপক্ষ।

এই অর্জনের পর উচ্ছ্বসিত পিনু রহমান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।”

পেশাগত জীবনে পিনু চাকরি করেন ব্যাংকে। তিনি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।

Image

পিনু রহমানের সৌজন্যে

পিরোজপুরে বেড়ে ওঠা এই আলোকচিত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।

চলতি বছরটি পিনু রহমানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাফল্যের বছর। হিপার এই সর্বোচ্চ অর্জনের আগে তিনি ‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতেন।

পাশাপাশি ইতালির ‘সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬’-এ পাটের বোঝা মাথায় এক বৃদ্ধ শ্রমিকের ছবির জন্য ‘দ্য গোল্ডেন বার্ডেন’-এর জন্য প্রথম পুরস্কার অর্জন করেন তিনি।

একই আসরে ‘সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস’-এ তার ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ ছবিটি ‘হাইলি কমেন্ডেড’ হয়।

এবারের হিপা প্রতিযোগিতায় ‘ফ্যামিলি’ থিমের পাশাপাশি স্পোর্টস, পোর্টফোলিও, জেনারেল এবং নতুন সংযোজিত ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে বাংলাদেশি আলোকচিত্রী কে এম আসাদ ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন। এছাড়া বিভিন্ন আসরে আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী নানা বিভাগে পুরস্কৃত হয়েছেন। তবে পিনু রহমানের হাত ধরে এই প্রথম হিপার সর্বোচ্চ মুকুট ‘গ্র্যান্ড পুরস্কার’ বাংলাদেশে এল।