১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস পেলেন ২৬ সাংবাদিক

ঢাকার চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের ১২টি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মত এ পুরস্কারের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:37 AM

Updated : 12 Nov 2026, 12:37 AM

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্ব নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করতে ২৬ সাংবাদিককে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ প্রদান করা হয়েছে।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ঢাকার চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের ১২টি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মত এ পুরস্কারের আয়োজন করা হয়। প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ী দুজন পান ৫০ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার পাওয়া ৩ জনের হাতে তুলে দেওয়া হয় ৩০ হাজার টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য ২ জনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “এই পুরস্কার অনুষ্ঠান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবে। আমি বিশ্বাস করি, দায়িত্বশীল গণমাধ্যমই পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, ঢাকার চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইয়ুইন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনের এডিটর ইন চিফ আন সিয়াওইয়ু ভিডিও বার্তায় বিজয়ীদের শুভেচ্ছা জানান।

চারটি ক্যাটাগরির মধ্যে প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেন বাংলা ট্রিবিউনের আরশাদ আলী। এ বিভাগে দ্বিতীয় পুরস্কার পান ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম ও ডেইলি সানের এএনএম মহিবুব উজ জামান।

তৃতীয় পুরস্কার লাভ করেন দৈনিক সবুজ বাংলার মোরসালিন আহমেদ, ডেইলি সানের রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের হাবিবুর রহমান।

ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক দিনকালের বাবুল তালুকদার।

ইটিভির ইমতিয়াজ আহমেদ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওয়ালিউল বিশ্বাস যৌথভাবে দ্বিতীয় এবং ডেইলি টাইমস অব বাংলাদেশের মাহমুদ জামান অভি, নিউজ২৪-এর কাইয়ুম হাসান রিশাদ ও ঢাকা পোস্টের আরিফুল ইসলাম তৃতীয় পুরস্কার পান।

অর্থনীতি ও কূটনীতি বিভাগে প্রথম পুরস্কার পান যমুনা টেলিভিশনের আলমগীর স্বপন।

দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম ও জাগোনিউজ২৪-এর এমদাদুল হক তুহিন। দ্য ক্লাইমেট ওয়াচের ফারুক আহমদ আরিফ, ডেইলি সানের আরিফুল ইসলাম এবং বাংলাদেশ টেলিভিশনের ইকবাল হোসাইন এ বিভাগে তৃতীয় পুরস্কার লাভ করেন।

ক্রীড়া, বিনোদন ও ভ্রমণ বিভাগে প্রথম পুরস্কার পান সারাবাংলার ফারহানা হক নীলা। রূপালী বাংলাদেশের রুহুল আমিন ভূঁইয়া ও আরটিভির এ আর বাদল দ্বিতীয় পুরস্কার পান।

দেশ রূপান্তরের মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা পোস্টের শাহাদাত হোসেন ও দ্য ডেইলি স্টারের জারিফ ফাইয়াজ তৃতীয় পুরস্কার পান।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য বিশেষ ‘টপ ভিউ’ সম্মাননা পান চ্যানেল২৪-এর বিশেষ প্রতিনিধি রেজওয়ান উজ জামান ও ভিডিওগ্রাফার মোক্তার হোসেন।

সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের আয়োজনে এ অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিকাবসহ বিভিন্ন সংবাদমাধ্যম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।