২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যের ‘সোর্স’ না প্রকাশে আইনি সুরক্ষা আছে সাংবাদিকদের: হাই কোর্ট

আদালত রায়ে বলেছে, ‘হুইসেল ব্লোয়ারদের’ সুরক্ষার অভাব দুর্নীতির একটি কারণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 12:48 PM

Updated : 31 Mar 2024, 12:45 PM

সংবাদে তথ্যের সূত্র প্রকাশ না করার ক্ষেত্রে বাংলাদেশের আইনে সাংবাদিকদের সুরক্ষা দেওয়া হয়েছে বলে এক রায়ে জানিয়েছে হাই কোর্ট।

দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে স্বঃপ্রণোদিত একটি রুলের পূর্ণাঙ্গ রায়ে এই মতামত দিয়েছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্টের বেঞ্চ।

‘দুর্নীতি দমনে দুদক স্টাইল: প্রকৌশলী আশরাফুলের দায়মুক্তি’ শিরোনামে ওই প্রতিবেদনটি গত বছরের ৮ মার্চ আদালতের নজরে এনেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। এ বিষয়ে আদালত সে সময় রুল জারি করেছিল।

ওই রুলের ওপর শুনানি শেষে গত ২১ জুন রায় দেয় আদালত। বিচারকদের স্বাক্ষরের পর রোববার সেই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

সব পক্ষের যুক্তিতর্ক থেকে উদ্ধৃত করার এক পর্যায়ে আদালত রায়ে বলেছে, “উপরোক্ত ঘটনা, তথ্য প্রমাণ ও আইনগত নির্দেশনার আলোকে আমাদের বলতে দ্বিধা নেই যে, আইন সাংবাদিকদেরকে তাদের তথ্যের সোর্স প্রকাশ না করার ক্ষেত্রে সুরক্ষা দিয়েছে।”

আদালত রায়ে বলেছে, ‘হুইসেল ব্লোয়ারদের’ সুরক্ষার অভাব দুর্নীতির একটি কারণ। এ প্রসঙ্গে হাই কোর্ট বিভাগের অন্য একটি রায়ের কথা বলেছে আদালত।

সেই রায়ে বলা হয়, “দুর্নীতি বিরোধী লড়াইকে সফল করতে হলে আমাদেরকে প্রথমেই ‘দুর্নীতির রসদ যোগানো বা দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হওয়ার ফ্যাক্টরগুলোকে’ খুঁজে বের করতে হবে।”

ইনকিলাবের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক প্রকৌশলী আশরাফুল আলম এবং তার স্ত্রীকে। দুর্নীতি দমন কমিশনের পেছনে এ বাবদ তার ‘খরচ হয়েছে ২০ কোটি টাকার বেশি’।

“গুঞ্জন উঠেছে, এ সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা, সংশ্লিষ্ট উপপরিচালক, পরিচালক, মহাপরিচালক থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত ভাগভাটোয়ারা হয়েছে। দুর্নীতির দায় থেকে অব্যাহতি দিতে শুরু থেকে শেষ পর্যন্ত ঘাটে ঘাটে সক্রিয় ছিল একটি শক্তিশালী সিন্ডিকেট। এ কারণে আশরাফুল দম্পতির বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করেও সেটি প্রত্যাহার হয়ে যায়।”

রুলে ওই কর্মকর্তার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকেও বিবাদী করা হয়। পরে শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান, প্রতিবেদকের পক্ষে শিশির মনির এবং ওই প্রকৌশলীর পক্ষে মো. শহিদুল ইসলাম খান লিটন শুনানি করেন।

যে প্রতিবেদনের কারণে মামলাটির শুরু, সেটির দিকে ইঙ্গিত করে রায়ের এক পর্যায়ে বিচারক বলেন, “প্রতিবেদনটি প্রকাশের কারণে সাংবাদিকের শাস্তি হবে কি-না, সেটা নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু দুদকের আইনজীবী বলেছেন, এটা দুদককে অফেন্ডেড, ডিফেইমড এবং স্ক্যান্ডালাইজড করেছে।”

দুদকের আইনজীবী শুনানিতে প্রতিবেদনটিকে পুরোপুরি ভুয়া, বানোয়াট এবং বানানো বলে দাবি করেন বলেন; তিনি বলেন, এর কোনো ভিত্তি নেই।

“এই খবরটি কাল্পনিক এবং এটি দুদককে কলঙ্কিত এবং অবমূল্যায়ন করতে প্রকাশ করা হয়েছে। এটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। বরং কঠোরভাবে এটাকে ডিল করা উচিত। যাতে ওই প্রতিবেদক এবং পত্রিকাটি প্রয়োজনীয় সাজা পায়।”

এ প্রসঙ্গে আদালত প্রেস কাউন্সিল আইনের ১২ ধারা থেকে উদ্বৃত করে চারটি পর্যবেক্ষণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছে।

যেখানে বলা হয়, যদি এই প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশন অসন্তুষ্ট, অপমানিত, অবমূল্যায়িত হয়ে সংক্ষুব্ধ হয়ে থাকে, তাহলে তারা প্রতিকার চেয়ে প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারে।

প্রতিবেদকের সাজা চেয়ে দুদকের আইনজীবীর আর্জির বিষয়ে আদালত বলেছে, “এটা খেয়াল রাখতে হবে যে, এ বিষয়টি আদালত অবমাননা সংক্রান্ত বিষয় নয়। আদালত কেবল একটা রুল দিয়ে জানতে চেয়েছে, প্রতিবেদক তার প্রতিবেদনের যে দুর্নীতির কথা উল্লেখ করেছেন, সেটা সঠিক কি-না।

“যেহেতু এটা আদালত অবমাননা সংক্রান্ত বিষয় নয়। তাই আদালত অবমাননা সংক্রান্ত মামলা নয়, তাই আদালত অবমাননার পরিধিতে প্রতিবেদককে শাস্তি দেওয়ার প্রশ্নটি এখানে আসছে না।”

যে বিবাদী এবং তার স্ত্রীর ঘটনা নিয়ে এ মামলার শুরু, আইন অনুযায়ী সেই ঘটনায় তদন্ত চালিয়ে যেতে রুল নিষ্পত্তির আদেশে দুদককে নির্দেশনা দিয়েছে আদালত। আর তদন্তের নতুন এই পর্যায়ে পুরনো তদন্তকারীকে না রাখতে বলা হয়েছে। হাই কোর্টের এই রায় হাতে পাওয়ার ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে।

রায়ে আদালত আরো বলেছে, “গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। গণমাধ্যমের কাজ হল জনগণকে সজাগ করা। বর্তমান সময়ের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়ছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তবে ‘হলুদ সাংবাদিকতা গ্রহণযোগ্য ও সমর্থনযোগ্য নয়’ মন্তব্য করে হাই কোর্ট বেঞ্চ বলেছে, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের মনোযোগী হওয়া উচিত।