০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হলফনামায় ‘তথ্য গোপন’: হান্নান মাসউদের পদ বাতিল চেয়ে রিট আবেদন খারিজ

গত ১৯ অগাস্ট এ আবেদন করেছিলেন হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 04:20 PM

Updated : 09 Nov 2026, 04:20 PM

হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছে হাই কোর্ট।

সোমবার এ আদেশ দেন বিচারপতি শিকদার মাহমুদ রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ।

এনসিপির এমপি হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, আদালত রিট আবেদনটি ‘নট প্রেসড অ্যাজ বিইং রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন। হলফনামায় সম্পদের বিবরণীতে তথ্যের গরমিলের বিষয়টি ‘কোয়েশ্চন অব ফ্যাক্ট’ হওয়ায় হাই কোর্টে রিট আবেদনের মাধ্যমে তা নিষ্পত্তিযোগ্য নয় বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন।

তিনি বলেন, “এ ধরনের বিষয় নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু আবেদনকারীরা সেই কর্তৃপক্ষের কাছে যাননি। সার্বিক বিষয় বিবেচনায় আদালত রিটটি খারিজ করেছেন।”

আদেশের পর রিট আবেদনকারীর আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, “আদালতের মন্তব্য ছিল, হান্নান মাসউদের সম্পদ থাকলেও তিনি তা গোপন করেননি, বরং বেশি দেখিয়েছেন।

“যে সম্পদ নেই তা বেশি দেখানোর বিষয়টি পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ থাকতে পারে বলেও আদালত মন্তব্য করেছেন।”

এ বিষয়ে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, মক্কেলের সঙ্গে কথা বলেছেন। তারা অন্য কোনো প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা নিতে পারেন।

হাতিয়া উপজেলার বাসিন্দা ও ওই আসনের ভোটার নাজমুল হোসেন গত ১৯ অগাস্ট এ রিট আবেদন করেন।

এতে নোয়াখালী-৬ আসন শূন্য ঘোষণার নির্দেশনা, হান্নান মাসউদের সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা ও তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।

পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনাও চাওয়া হয়।

তখন রিটকারীর আইনজীবী ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “একজন ছাত্র হয়েও হান্নান মাসুদ হলফনামায় এক কোটি টাকার সম্পত্তির মালিকানার কথা তুলে ধরেছেন। গত ৮ জুন তিনি নিজেই স্বীকার করেছেন, এই তথ্য শুধু দেখানোর জন্য দেওয়া হয়েছিল।”