রাস্তায় পড়ে ছিল আহত শিশুটি, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না
কোনো গাড়ির ধাক্কায় মরিয়ম নামের শিশুটি আহত হয়ে মারা যায় বলে ধারণা করছেন স্বজনরা।
বাসার সামনের রাস্তায় আহত অবস্থায় পড়ে ছিল দুই বছরের মেয়ে শিশুটি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কোনো গাড়ির ধাক্কায় মরিয়ম নামের শিশুটি আহত হয়ে মারা যায় বলে ধারণা করছেন স্বজনরা।
রাজধানীর যাত্রাবাড়ীর কাজীরগাঁও এলাকায় শনিবার সন্ধ্যার দিকে শিশুটিকে আহত অবস্থায় পাওয়ার পর তাকে হাসপাতালে নেন প্রতিবেশী ও স্বজনরা।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী শামীম মিয়া বলছেন, কাজীরগাঁও এলাকায় তাদের বাসার সামনের রাস্তা দিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। তাদের ধারণা, শিশুটি বাসার সামনে রাস্তায় খেলার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়েছে।
তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা কেউ দেখতে পায়নি।
শামীম জানান, শিশুটির বাবা লাভলু হোসেন স্থানীয় একটি প্রতিষ্ঠানে দিনমজুর হিসেবে কাজ করেন। তার মায়ের নাম রিভা বেগম। ওই দম্পতির একমাত্র সন্তান ছিল মরিয়ম।
