ফিলিস্তিনে হত্যাকাণ্ড, যুদ্ধ বন্ধ করুন: প্রধানমন্ত্রী
সংসদে শেখ হাসিনা বলেন, “আপনারা আর যাই করেন যুদ্ধ বন্ধ করেন। এ যুদ্ধ মানুষের মঙ্গল আনে না। এ অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। অস্ত্র প্রতিযোগিতা মানুষের ধ্বংস ডেকে আনে।”
ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করার তাগিদ দিয়ে তিনি বলেছেন, “ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এটা বন্ধ করতে হবে। এই হত্যাকাণ্ড, যুদ্ধ আমরা চাই না।”
সোমবার সংসদে উত্থাপিত ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে শেখ হাসিনা বলেন, “আহ্বান জানাচ্ছি- মুসলিম বিশ্বের সকলে এক হয়ে তারা যেন এ অন্যায় ঘটনার প্রতিবাদ করে এবং ফিলিস্তিনিরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।”
তিনি বলেন, “এটা (ফিলিস্তিন) বড় দেশ ছিল। ধীরে ধীরে তা দখল করতে করতে এখন ক্ষুদ্র একটি অংশ তাদের। তারপরও একটি প্রস্তুাব ছিল টু স্টেট ফর্মুলা। এটাও তারা মানছে না। আমাদের কথা হচ্ছে ফিলিস্তিনের ন্যায্য দাবি যেন মেনে নেওয়া হয়। তাদের রাষ্ট্র যেন তারা ফেরত পায়। সেটা আমরা চাই।”
এই যুদ্ধ বন্ধ করতে বাংলাদেশের নানা চেষ্টার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। জানান, আরব লীগকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতিসংঘে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে। ১২০টি দেশ এই প্রস্তাবে সমর্থন দিয়েছে।
বাংলাদেশে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে উল্লেখ করে তিনি বলেন, “কীভাবে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করেছি। বেলজিয়ামে সফরে গিয়ে আমার ভাষণে এই বিষয়টি তুলেছি। সেখানে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান ও প্রতিনিধিরা ছিলেন।
“সেখানে আমি বলেছি, ‘আপনারা আর যাই করেন যুদ্ধ বন্ধ করেন। এ যুদ্ধ মানুষের মঙ্গল আনে না। এ অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। অস্ত্র প্রতিযোগিতা মানুষের ধ্বংস ডেকে আনে।”
অস্ত্রের পেছনে ব্যয় করা টাকা শিশুদের শিক্ষা ও চিকিৎসায় খরচ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তাহলে বিশ্বের মানুষের কষ্ট থাকবে না। সবাই আমরা বক্তব্যটা গ্রহণ করেছে।“
এর আগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় এদিন সংসদে নিন্দা প্রস্তাব তোলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর প্রস্তাবটি সর্বসন্মতক্রমে গ্রহণ করা হয়।
ফিলিস্তিনে অনবরত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে সাধারণ আলোচনায় সংসদ নেতা বলেন, “আমি যখন যে ফোরামে গিয়েছি এসব হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছি। এ ধরনের ঘটনা আমরা কখনো মেনে নিতে পারি না।
“এ ধরনের ঘটনা ঘটতে প্রতিবাদ করা একজন মানুষ হিসেবে, মা হিসেবে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। এই হত্যাকাণ্ড, যুদ্ধ আমরা চাই না।”
তিনি বলেন, “মানবাধিকারের কথা বলা হয়। কিন্ত এখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন এটা বন্ধ করতে হবে, আমরা এটা চাই।”
এই ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে। জাতিসংঘ থেকে যখন যে চেষ্টা হয় এবং কোথাও মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ড হলে তার প্রতিবাদ জানাই। এটাই আমাদের নীতি। ফিলিস্তিনের জনগণের ওপর যা ঘটাচ্ছে তা কখনো মেনে নেওয়া যায় না।”
‘সহায়তাও দিতে দিচ্ছে না’
ফিলিস্তিনে সেবা খাত খুলে দেওয়ার জন্য দাবিও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “আমরা বাংলাদেশ থেকে ইতোমধ্যে ওষুধ, খাদ্য ও নারী-শিশুদের জন্য পণ্য সামগ্রী পাঠিয়েছি। কিন্তু সেটা সেটা ওখানে পৌঁছানোর সুযোগ নেই। আমরা মিশরে পাঠিয়ৈছি, তারা গ্রহণ করেছে। সেখান থেকে পৌঁছে দেবে।”
ইসরাইলী বাহিনী চার পাশ বন্ধ করে খাবার ওষুধ, কোনো কিছুই দিতে দিচ্ছে না জানিয়ে তিনি বলেন, “এটা কোন ধরনের কথা?
“যে কোনো যুদ্ধে নারী শিশু ও হাসপাতালের ওপর এভাবে হামলা হয় না, খাবার বন্ধ হয় না। কিন্তু আজকে সেখানে খাবার-পানি সব কিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। সেখানে মানুষ হাহাকার করছে।”
এর আগে নিন্দা প্রস্তাবের পক্ষে সাধারণ আলোচনায় অংশ নেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, তথ্য মন্ত্রী হাছান মাহমুদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মসিউর রহমান রাঙ্গা, নজিবুল বশর মাইজ ভাণ্ডারী, রুস্তম আলী ফরাজি।
