২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: রোগী বাড়ছে ঢাকার বাইরে, মৃত্যু বেশি ঢাকার হাসপাতালে

মশাবাহিত এ রোগে গত এক দিনে নতুন ২৩২৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আরও ১১ জনসহ মৃত্যু সাড়ে পাঁচশ ছুঁইছুঁই।

ডেঙ্গু: রোগী বাড়ছে ঢাকার বাইরে, মৃত্যু বেশি ঢাকার হাসপাতালে

ঢাকার অন্য সরকারি হাসপাতালের থেকে অপেক্ষাকৃত পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা দেওয়া হচ্ছে ডিএনসিসি হাসপাতালে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 08:01 PM

Updated : 27 Aug 2023, 08:11 PM

আগের কয়েক দিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ঢাকার চেয়ে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বেড়েছে; নতুন ভর্তি ২৩২৭ জনের মধ্যে ১৪০৭ জনই ঢাকার বাইরের।

রোববার স্থাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯২০ জন রোগী।

ডেঙ্গুর প্রকোপ বিস্তারের এসময়ে দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রোগীর মধ্যে মৃত্যু হয়েছে আটজনের এবং বাইরের হাসপাতালগুলোতে মারা গেছেন তিনজন।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা নগরীর হাসপাতালগুলোতে ৪০৪ জন এবং ঢাকার বাইরে ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত রোগী ভর্তির হিসাবসহ এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৫১১ জনে। তাদের মধ্যে ৬০ হাজার ১০২ জনই ঢাকার বাইরের। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫৪ হাজার ৪০৯ জন।

হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ২৯৯ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৯৪৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৩৫৪ জন।

এদিকে দেশে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৪৫০ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে প্রায় ৬০ শতাংশই ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২১ অগাস্ট থেকে রোববার পর্যন্ত যত রোগী ভর্তি হয়েছে তাদের মধ্যে ঢাকার বাইরে ৮ হাজার ৬৩৮ জন রোগী যা মোট ভর্তি রোগীর ৫৯ দশমিক ৭৮ শতাংশ।

এসময় ঢাকায় ভর্তি হয়েছেন ৫ হাজার ৮১২ জন রোগী, যা ভর্তি রোগীর ৪০ দশমিক ২২ শতাংশ।

এ সময়কালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৪ জন মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে অধিদপ্তর।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুনে যেখানে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। আর অগাস্টের ২৭ দিনে ৬২ হাজার ৬৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত্যুর তথ্যে দেখা যায় জুনে দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। জুলাইয়ে তা বেড়ে হয় ২০৪ জন। অগাস্টের ২৭ দিনে আগের যে কোনো সংখ্যা ছাড়িয়ে গেছে, এ মাসে মৃত্যু হয়েছে ২৯৭ জনের।

এর আগে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এ্প্রিলে ২ জন, মে মাসে ২ জন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে।

এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ বছরের আগে পর্যন্ত ছিল সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

আরও পড়ুন

পুরনো খবর:

ডেঙ্গু: এক দিনে ভর্তি ১৯৬০, ঢাকার বাইরেই ৫৮%
ডেঙ্গুর ভরা মৌসুমে রক্তের ব্যাগের জন্য হাহাকার
ডেঙ্গু: আক্রান্ত, মৃত্যুর সংখ্যায় ভয়াবহ অগাস্ট
ডেঙ্গু: রোগ ভোগাচ্ছে, ব্যয়ও কাবু করছে
এইডিস মশার আচরণ কি সত্যিই বদলে গেছে?