আলিয়ঁস ফ্রঁসেজে অভিজিতের চিত্র প্রদর্শনী শুরু
প্রর্দশনীটি সোম থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজ শিল্পী অভিজিৎ চৌধুরীর চিত্র প্রদর্শনী শুরু হয়েছে, যা চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
‘নন হায়ারারর্কিক্যাল অর্ডার অব ফর্মস’ শীর্ষক প্রর্দশনীটি সোম থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আলিয়ঁস ফ্রঁসেজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রতিশ্রুতিশীল শিল্পী অভিজিতের অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস প্রকৃতি। তিনি প্রকৃতির সব ধরনের উপাদান সযত্নে গ্রহণ করে চিত্রকলায় সেগুলোকে ‘অভিরূপ উপায়ে’ ফুটিয়ে তোলেন।
"তার সৃষ্টিগুলো বিমূর্ত উপলব্ধি এবং অনুভূতি, যেমন আনন্দ, দুঃখ, আশা, হতাশা, প্রেম, ঘৃণা, স্বপ্ন, কল্পনার মত আরও নানা অভিব্যক্তির স্ফুটন ঘটায়। মানবতা সম্বোধনের পাশাপাশি তিনি তার সৃষ্ট শিল্পগুলোর মাধ্যমে এটাই প্রমাণ করতে চান যে শিল্প, মানবিক বিজ্ঞান ছাড়া কিছুই না।"
