২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়বৃষ্টির মধ্যে তাপমাত্রা বাড়ার আভাস

বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 08:53 PM

Updated : 24 Apr 2023, 08:53 PM

বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় তাপমাত্রা কমে আসায় গরমের অতিষ্ঠ অবস্থা থেকে মুক্তি মিললেও তা আবার বাড়ার ইঙ্গিত থাকছে আবহাওয়ার বার্তায়।

টানা তাপদাহের পর এখন থেমে থেমে গ্রীষ্মের ঝড়ো হাওয়ার মধ্যে সামান্য বৃষ্টি ঝরছে দেশের বিভিন্ন স্থানে; আবহাওয়ার পূর্বাভাসে ঝড়বৃষ্টির আভাসও রয়েছে। তবে একই সঙ্গে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসও বাড়ার কথা জানানো হয়েছে পূর্বাভাসে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে, সোমবার বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের ২০ জেলায় ঝড়ের সতর্কবার্তার পাশাপাশি নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারাদেশেই বিক্ষিপ্তভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে।

টানা কয়েকদিন রাজশাহী, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করার পর এখন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা বান্দরবানে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুদিন তপ্ত রোদ পেরুনোর পর কয়েকদিন ধরেই দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এখন যে মৌসুম, তাতে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও থাকে। তাই আমরা সারাদেশে এই পূর্বাভাস দিয়েছি।

“আগামীকালও আবহাওয়া এমনই থাকতে পারে। আজকে (সোমবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত রিডিংয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে বান্দরবানে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।”

এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান। সোমবার ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

প্রখর খরতাপে টানা ভোগান্তির পর বৃহস্পতি ও শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি চলমান তাপপ্রবাহে কিছুটা রাশ টেনে ধরে। তপ্ত রোদে অসহনীয় গরমের পর ঈদের ছুটিতে অপেক্ষাকৃত গরম কমায় স্বস্তি ছিল সবার মধ্যে।

গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পরদিন শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে ৪০ দশমিক ৮ ডিগ্রিতে, যা ছিল যশোরে। এর পরের দিন তা আরও কমে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে; দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলা ও যশোরে। ওই দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত সোমবার পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ।

আরও খবর-

পুরনো খবর:

২০ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
ঝড়ো হাওয়াসহ বৃষ্টির দাপট থাকবে কয়েকদিন
উত্তাপে চুয়াডাঙ্গাকে ছাড়াল রাজশাহী, আরও গরম ঈশ্বরদী