১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের সহজপাঠ

জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে মানুষ, প্রকৃতি ও অর্থনীতির ওপর। কেন ঘটছে এই পরিবর্তন, ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা কেন গুরুত্বপূর্ণ? পরিস্থিতি মোকাবিলায় কী করা সম্ভব?

জলবায়ু পরিবর্তনের সহজপাঠ

জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে দুর্যোগ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 10:01 AM

Updated : 10 Nov 2026, 10:06 AM

পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে; মানুষের কর্মকাণ্ডের কারণে দ্রুত বাড়ছে বিশ্বের গড় তাপমাত্রা।

এর প্রভাবে আবহাওয়ার স্বাভাবিক ধরনে পরিবর্তন আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঘটনা।

কোথাও তীব্র তাপপ্রবাহ, কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও গলছে হিমবাহ ও বরফের বিশাল স্তর।

পরিস্থিতি আগামী কয়েক দশকে আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বিজ্ঞানীদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাবগুলো সীমিত রাখা সম্ভব।

জলবায়ু পরিবর্তন আসলে কী, এর জন্য মানুষ কতটা দায়ী, পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সীমা কেন এত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে কী ধরনের বিপদের মুখে পড়তে পারে বিশ্ব—এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

Image

গ্রাফিক্স: বিবিসি

জলবায়ু পরিবর্তন কী?

জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর গড় তাপমাত্রা ও আবহাওয়ার দীর্ঘমেয়াদি পরিবর্তনকে বোঝায়।

প্রায় এক শতাব্দী ধরে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে। এর ফলে আবহাওয়ার ধরনেও পরিবর্তন ঘটছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৮০-এর দশক থেকে প্রতিটি দশক আগের দশকের তুলনায় বেশি উষ্ণ ছিল।

রেকর্ড বলছে, ২০২৪ সাল ছিল পৃথিবীর নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর। জলবায়ু পরিবর্তনই ওই বছরের অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার প্রধান কারণ।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল ছিল প্রথম কোনো পঞ্জিকাবর্ষ, যখন পৃথিবীর গড় তাপমাত্রা ১৮০০ সালের শেষভাগের শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায়।

প্রাকৃতিক আবহাওয়াগত ঘটনা লা নিনিয়র কারণে কিছুটা শীতলতা এলেও ২০২৫ সালেও তাপমাত্রা বেশি ছিল। এর বিপরীতধর্মী আবহাওয়াগত ঘটনা এল নিনিয়ো এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে ২০২৬ সালও রেকর্ড করা উষ্ণতম বছরগুলোর মধ্যে থাকতে পারে।

Image

গ্রাফিক্স: বিবিসি

জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ কতটা দায়ী?

পৃথিবীর ইতিহাসে প্রাকৃতিক কারণেই বিভিন্ন সময়ে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। কিন্তু গত এক শতকে তাপমাত্রা যে অস্বাভাবিক দ্রুত বেড়েছে, শুধু প্রাকৃতিক কারণ দিয়ে তার ব্যাখ্যা দেওয়া যায় না।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) বলছে, এই দ্রুত উষ্ণায়নের জন্য নিঃসন্দেহে মানুষের কর্মকাণ্ড দায়ী। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার।

কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মত জীবাশ্ম জ্বালানি বাড়িঘর, কলকারখানা ও পরিবহনব্যবস্থায় ব্যবহার করা হয়। এসব জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কার্বন ডাই-অক্সাইড।

গ্রিনহাউস গ্যাসকে অনেকটা কম্বলের সঙ্গে তুলনা করা যায়। এই গ্যাস বায়ুমণ্ডলে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি তাপ আটকে রাখে। ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে।

শিল্পবিপ্লবের শুরু থেকে, যখন মানুষ ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি পোড়াতে শুরু করে, তখন থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ৫০ শতাংশের বেশি বেড়েছে।

জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়, তার একটি স্বতন্ত্র রাসায়নিক বৈশিষ্ট্য বা চিহ্ন রয়েছে। বায়ুমণ্ডলে ক্রমবর্ধমান কার্বন ডাই-অক্সাইডের মধ্যেও সেই একই বৈশিষ্ট্য পাওয়া গেছে। এটি প্রমাণ করে, মানুষের ব্যবহৃত জীবাশ্ম জ্বালানিই বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির বড় কারণ।

Image

এ বছর নেপালে হিমবাহ ধস ও প্রলয়ঙ্করী বন্যার জন্যও জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। ছবি: রয়টার্স

জলবায়ু পরিবর্তনের কী প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে?

জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়। এরই মধ্যে বিশ্বজুড়ে এর বড় ধরনের প্রভাব দেখা যাচ্ছে।

• তাপপ্রবাহ ও অতিবৃষ্টির মতো চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটছে এবং তীব্রতা বাড়ছে।

• হিমবাহ ও বরফের বিশাল স্তর দ্রুত গলে যাচ্ছে। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।

• আর্কটিক অঞ্চলে সমুদ্রের বরফের পরিমাণ কমে যাচ্ছে।

• সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ছে। এতে আরও শক্তিশালী ঝড় তৈরি হতে পারে এবং সামুদ্রিক প্রাণীর জীবন ঝুঁকিতে পড়ছে।

এসব পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ও অর্থনীতির ওপর পড়ছে।

এর একটি উদাহরণ নেপাল। ২০২৬ সালের আগস্টে আকস্মিক বন্যায় দেশটিতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে বলেছিলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে দেশটির অর্থনীতির মোট আকারের এক-দশমাংশ পর্যন্ত ব্যয় হতে পারে।

বিজ্ঞানীদের সংগঠন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের গবেষকদের মতে, হিমবাহ ধসে ওই বন্যার সূত্রপাত হয়েছিল। জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ ধসের আশঙ্কা বেড়েছে।

Image

উষ্ণতা বৃদ্ধির কারণে দ্রুত গলছে বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ছবি: রয়টার্স

১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কেন গুরুত্বপূর্ণ?

পৃথিবীর তাপমাত্রা যত বাড়বে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবও তত তীব্র হবে।

এ কারণে ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে প্রায় ২০০ দেশ শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার চেষ্টা করতে সম্মত হয়।

তবে এই লক্ষ্যের অর্থ এক বছরে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি বেড়ে যাওয়া নয়। সাধারণভাবে এর অর্থ হল, ২০ বছর ধরে বার্ষিক গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ওই সীমার মধ্যে রাখা।

দীর্ঘ মেয়াদে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও বিশ্বের বহু জনগোষ্ঠী গুরুতর বিপদের মুখে পড়বে। আর তাপমাত্রা ২ ডিগ্রি বা তার বেশি বাড়লে ক্ষতির মাত্রা হবে আরও ভয়াবহ।

কী ঘটবে তখন?

• আরও বেশি মানুষকে তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হতে হবে।

• চরম আবহাওয়ার কারণে কোনো কোনো অঞ্চলে খাদ্যনিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে।

• ডেঙ্গুর মত জলবায়ু-সংবেদনশীল কিছু রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়বে।

• আরও বেশি প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির হুমকিতে পড়বে।

তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার আহ্বানের অন্যতম কারণ হল, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কথিত ‘টিপিং পয়েন্ট’ বা সংকটসীমা অতিক্রম করা ঠেকানো।

এই সংকটসীমাগুলো ঠিক কোথায়, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এগুলো অতিক্রম করলে জলবায়ুর পরিবর্তন আরও দ্রুত হতে পারে এবং সেই পরিবর্তন উল্টে দেওয়া অসম্ভব হয়ে উঠতে পারে।

গ্রিনল্যান্ডের বরফস্তরের ধসে পড়া, আটলান্টিক মহাসাগরের উষ্ণ পানির স্রোতব্যবস্থার বিপর্যয় এবং অ্যামাজন বনের আরও বড় অংশ হারিয়ে যাওয়ার মত বড় এবং বিপজ্জনক পরিবর্তন তখন দেখতে হতে পারে।

আইপিসিসির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৩৩০ কোটি থেকে ৩৬০ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে।

বিশেষ করে দরিদ্র দেশগুলোর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মত আর্থিক ও প্রযুক্তিগত সম্পদ এসব দেশের নেই।

এখান থেকেই জলবায়ু ন্যায্যতার প্রশ্নটি সামনে আসে। কারণ, জলবায়ু পরিবর্তনের জন্য যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণকে দায়ী করা হচ্ছে, সেই দায় দরিদ্র দেশগুলোর নিতান্তই নগণ্য।

তবে জলবায়ু পরিবর্তনের পরোক্ষ প্রভাব শুধু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। চরম আবহাওয়ার কারণে কোনো অঞ্চলে ফসল উৎপাদন ব্যাহত হলে বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়ে যেতে পারে। ফলে দূরবর্তী দেশগুলোর মানুষও এর প্রভাব টের পাবে।

Image

গ্রাফিক্স: বিবিসি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারগুলো কী করছে?

জলবায়ু পরিবর্তনের গতি সীমিত রাখতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ শূন্যের কাছাকাছি নামিয়ে আনা বা ‘নেট জিরো’ পরিস্থিতি অর্জন করা জরুরি বলে মনে করে আইপিসিসি।

এর অর্থ হল, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ যতটা সম্ভব কমিয়ে আনা এবং যে পরিমাণ নিঃসরণ একেবারে বন্ধ করা সম্ভব নয়, তা বায়ুমণ্ডল থেকে অপসারণের ব্যবস্থা করা।

বিশ্বের অধিকাংশ দেশেরই নেট জিরো অর্জনের লক্ষ্য রয়েছে, অথবা এ ধরনের লক্ষ্য নির্ধারণের বিষয়টি বিবেচনায় আছে।

কিছু ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতিও হয়েছে। যেমন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে এবং বৈদ্যুতিক গাড়ির প্রসার ঘটছে।

কিন্তু এসব অগ্রগতি সত্ত্বেও মানুষের কর্মকাণ্ডের কারণে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এখনো রেকর্ড পর্যায়ে রয়েছে। এর ফলে ২০২৫ সালে দীর্ঘমেয়াদি বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

জাতিসংঘের সর্বশেষ ‘এমিশনস গ্যাপ রিপোর্ট’-এ বলা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে ২১০০ সালের মধ্যে আবারও তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রির নিচে নামিয়ে আনা সম্ভব। কিন্তু সে জন্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত ও কঠোরভাবে কমাতে হবে।

তা না হলে এই শতাব্দীর শেষ নাগাদ পৃথিবীর তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

Image

এবারের জলবায়ু সম্মেলন কপ-৩১ বসেছে তুরস্কের আনতালিয়ায়। ছবি: রয়টার্স

জলবায়ু সম্মেলনে কী হচ্ছে?

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নির্ধারণ ও দেশগুলোর অঙ্গীকার পর্যালোচনার জন্য প্রতিবছর বিশ্বের নেতারা জাতিসংঘের জলবায়ু সম্মেলনে মিলিত হন।

কিন্তু ২০২৫ সালে কপ-৩০ সম্মেলন জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা কিংবা বন উজাড় ঠেকানোর বিষয়ে নতুন কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এর আগে ২০২৩ সালে কপ-২৮ সম্মেলনে দেশগুলো জ্বালানিব্যবস্থা থেকে ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছিল।

২০২৪ সালে কপ-২৯ সম্মেলনে ধনী দেশগুলো ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোকে প্রতিবছর অন্তত ৩০ হাজার কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করাই এই তহবিলের উদ্দেশ্য।

তবে দরিদ্র দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় যে পরিমাণ অর্থের প্রয়োজন বলে মনে করে, এই অঙ্গীকার তার তুলনায় অনেক কম।

এবার কপ-৩১ সম্মেলন বসেছে তুরস্কের আনতালিয়ায়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে সেখানে আলোচনা হবে। দরিদ্র দেশগুলো জলবায়ু তহবিলের বরাদ্দ বাড়ানো এবং অর্থ দ্রুত ছাড় করার দাবি আবারও সামনে আনবে।

Image

জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়-বন্যার পাশাপাশি অনেক এলাকা ভুগছে খরায়। ছবি: মুস্তাফিজ মামুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তি কী করতে পারে?

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে বড় পরিবর্তন আনতে হবে সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে। তবে ব্যক্তিগত পর্যায়েও কিছু পদক্ষেপের মাধ্যমে এই সংকট মোকাবিলায় ভূমিকা রাখা সম্ভব।

• বিমানে যাতায়াতের পরিমাণ কমানো।

• বিদ্যুতের ব্যবহার কমানো।

• বাড়ির তাপ নিরোধক ব্যবস্থা উন্নত করা এবং জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করা।

• বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করা অথবা ব্যক্তিগত গাড়ির ব্যবহার পুরোপুরি বন্ধ করা।

• গ্যাসচালিত বয়লারের পরিবর্তে হিট পাম্পের মতো বিদ্যুৎচালিত ব্যবস্থা ব্যবহার করা।

• গরু ও খাসির মাংসের মত রেড মিট খাওয়ার পরিমাণ কমানো।

জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। এর সমাধানে সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ—সব পক্ষেরই ভূমিকা রয়েছে।

তবে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।