ঢাকায় বৃষ্টি, শীত নামছে কবে?
সন্ধ্যার পর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরছে রাজধানীতে।
রাজধানী ঢাকার আকাশ সকাল থেকে ছিল পরিষ্কার। দুপুর গড়াতেই তা হয়ে উঠল মেঘলা। হালকা শীতল বাতাস আর কালো মেঘে ঢাকা পড়ল আকাশ।
এর মধ্যেই সন্ধ্যার পর থেকেই শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর মেঘের গর্জন।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ী মেঘাচ্ছন্ন থাকতে পারে। হতে পারে হালকা বা বজ্রসহ বৃষ্টি। রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে সামান্য।
ঋতুচক্র অনুযায়ী, দেশে সাধারণত কার্তিকের শেষভাগে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হয়। এরপর ধীরে-ধীরে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহেই দেশে শীত নামতে শুরু করতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় ইতোমধ্যেই শীত পড়তে শুরু করছে। সেখানে কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে এবং সেখানে তাপমাত্রা বর্তমানে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই শীতের একটি আবহ তৈরি হয়, যা উত্তরবঙ্গের লোকজনের মধ্যে দেখা যাচ্ছে।
“আগামী কয়েকদিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং ১৮ নভেম্বরের পর বা নভেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ সারাদেশেই শীতের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে। এছাড়া সামনে বৃষ্টিপাতেরও একটি পূর্বাভাস রয়েছে।”
অধিদপ্তরের সোমবারের বুলেটিনের তথ্যানুযায়ী, এ দিন সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া নীলফামারির ডিমলায় ১৮ দশমিক ৫, দিনাজপুরে ১৯ দশমিক ৩, কুড়িগ্রামের রাজারহাটে ১৯ দশমিক ৪, সৈয়দপুরে ১৯ দশমিক ৮ এবং রংপুরে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
