০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, বাড়তে পারে তাপমাত্রাও

শনিবারও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 08:34 PM

Updated : 09 Oct 2026, 08:34 PM

শরতের এই শেষ সময়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে আবহাওয়া কিছুটা শীতল ভাব থাকলেও এখনই শীত নামছে না বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। বিক্ষিপ্ত বৃষ্টি বরং আরও কিছুদিন চলতে পারে। বাড়তে পারে তাপমাত্রাও।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বৃষ্টিও। আবার বৃষ্টির পরও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের বিষয়ে শুক্রবার সন্ধ্যায় অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “আগের দিন (বৃহস্পতিবার) দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুরের দিকে বেশি বৃষ্টিপাত হয়েছিল। আর শুক্রবার খুলনা বিভাগে বেশি বৃষ্টি হয়েছে।”

রাজধানী ঢাকায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তথ্য দিয়ে তিনি বলেন, “শনিবারও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তিন থেকে চারদিন আর বৃষ্টির সম্ভাবনা নেই।

হঠাৎ এই বৃষ্টি শীত নিয়ে আসবে কি না প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, “বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা শীতল অনুভূত হলেও এখনই শীত নামছে না। তবে দক্ষিণ দিক থেকে আসা বাতাসের প্রবাহ শেষ হচ্ছে এবং এরপর উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে শুরু করবে।”

ঢাকায় শীতের অনুভূতি আসতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করেন তিনি।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ৪৫ মিলিমিটার। এ সময় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

একইসময়ে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।