০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

নভেম্বরে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, নামবে তাপমাত্রা

সৃষ্ট লঘুচাপের মধ্যে এক বা দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

নভেম্বরে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, নামবে তাপমাত্রা

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 11:51 PM

Updated : 01 Nov 2026, 11:51 PM

সারা দেশে নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস এবং বঙ্গোপসাগরে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের রোববার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এ দিন বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সেখানে মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচনা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের মধ্যে এক বা দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম পূর্বাভাসে বলেন, “নভেম্বরে সারা দেশে বৃষ্টিপাতের স্বাভাবিক সম্ভবনা কম। বিভিন্ন জায়গায় কুয়াশা দেখা যেতে পারে।”

এদিকে বৃষ্টিপাত, তাপমাত্রা, তাপপ্রবাহ, বজ্রঝড়, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা গত অক্টোবরে পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে বঙ্গোপসাগর অবস্থানরত নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর বলছে, ঘণ্টায় ২৩ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গভীর নিম্নচাপটি রোববার দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে পরিণত হয়েছে। তখন ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল দক্ষিণ-পশ্চিম ও পাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে।

‘মুরাসু’ আরও শক্তি বাড়িয়ে সোমবার সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মঙ্গলবার মধ্যরাত থেকে ভোরের মধ্যে তা আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে।